বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত প্রায় পৌনে তিনটার দিকে তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ফ্ল্যাট থেকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান খবরটি নিশ্চিত করলেও কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাননি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটকের কথা বলা হয়েছে।

এর আগে বাসার সামনে পুলিশ উপস্থিত হওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন জ্যোতিকা জ্যোতি। লাইভে তিনি দাবি করেন, বিনা ওয়ারেন্টে তাঁকে ধরতে আসা হয়েছে এবং তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। ফোন করলে তিনি নিজেই থানা বা ডিবি অফিসে যেতেন উল্লেখ করে হাতে হাতকড়া না পরানোর অনুরোধ জানান এবং বাবা-মাকে ভয় না পাওয়ার আশ্বাস দেন। উল্লেখ্য, এর আগে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপ বিতর্ক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে জমা দেওয়া একটি তালিকায় নাম আসার ঘটনায় আলোচনায় ছিলেন অভিনেত্রী।