চলচ্চিত্র অঙ্গনের মানুষের রাজনীতিতে জড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন। তাঁর মতে, দীর্ঘদিন ধরে কাজের অভাবে এফডিসির শিল্পী ও কলাকুশলীরা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে বাধ্য হচ্ছেন। তাই তাঁদের আর্থিক সহায়তার বদলে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে চলচ্চিত্রশিল্পের বর্তমান সংকট, শিল্পীদের বেকারত্ব ও এফডিসির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন মুনমুন।
পোস্টে অতীতে এফডিসিতে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অন্যায়ের কথাও স্মরণ করেন তিনি। মুনমুন লেখেন, ওই ঘটনার সময় পুরো এফডিসি তাঁর বিরুদ্ধে কথা বলেছিল। তাঁর ওস্তাদের পরামর্শে প্রতিবাদ না করে চুপ থেকেছিলেন। তবে এখন অনেক শিল্পী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন দেখে ভালো লাগছে বলে জানান তিনি।
চলচ্চিত্রশিল্পের উন্নতি না হওয়া এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিছু মানুষের সুবিধা পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর প্রশ্ন, সিনেমা সবার জন্য হলে চলচ্চিত্রের মানুষেরা রাজনীতি করবেন কেন?
বর্তমান সরকারের উদ্দেশে মুনমুন বলেন, শিল্পী ও কলাকুশলীদের শুধু আর্থিক সাহায্য না দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের সুযোগ তৈরি করে দেওয়া উচিত। দীর্ঘদিন বেকার থাকার কারণেই অনেকে বাধ্য হয়ে বিভিন্ন সরকারের আমলে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন বলে মনে করেন তিনি।
এ ছাড়া বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও দর্শক কমে যাওয়ার প্রসঙ্গ তুলে ছোট পর্দায় চলচ্চিত্রশিল্পীদের নিয়মিত কাজের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন মুনমুন। তাঁর মতে, স্মার্টফোননির্ভর বিনোদনের যুগে শিল্পীদের কর্মসংস্থানের নতুন পথ খুঁজে বের করা জরুরি।