‘টুয়েলভথ ফেল’ সিনেমাখ্যাত অভিনেত্রী মেধা শঙ্কর ও জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময়ের প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে বি টাউনে। এবার সেই চর্চায় যুক্ত হয়েছে নতুন মাত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়েছে তাঁদের বিয়ের খবর ঘিরে। একাংশের দাবি, চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা; আবার অন্য একপক্ষের দাবি, ইতিমধ্যেই গোপনে বিয়ে সেরে ফেলেছেন এই জুটি।
প্রতিবেদনে জানানো হয়, সময় রায়নার জনপ্রিয় শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ মেধা শঙ্করের উপস্থিতি এবং তাঁদের রসায়ন ভক্তদের নজর কাড়ে। সম্প্রতি রেডিটে ছড়িয়ে পড়া এক পোস্টে দাবি করা হয়, আগামী ডিসেম্বরেই চার হাত এক হতে চলেছে তাঁদের এবং বর্তমানে তাঁরা সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। অন্যদিকে, আরেকটি রেডিট পোস্টের দাবি গত জুলাই মাসেই মুম্বাইয়ের বান্দ্রায় ঘনিষ্ঠদের উপস্থিতিতে গোপনে বিয়ের কাজ সেরেছেন এই দুই তারকা।
তবে এসব গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি মেধা শঙ্কর বা সময় রায়না কারো পক্ষ থেকেই আসেনি কোনো প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক বার্তা। ভক্তদের চোখ এখন এই দুই তারকার ওপর, সত্যিই কি বিয়ের সানাই বাজছে নাকি পুরোটাই ইন্টারনেটের গুজব, তা জানার অপেক্ষায় সবাই।