ঢাকাই শোবিজের আলোচিত সাবেক দম্পতি সিদ্দিকুর রহমান ও মারিয়া মিমের মধ্যকার শীতল লড়াই এবার এক নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি মারিয়া মিম তাঁর ফেসবুক হ্যান্ডেলে একটি স্ট্যাটাসে লেখেন, “ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।” মিমের এই রহস্যময় পোস্টের নিচেই মন্তব্যের ঘরে নেটিজেনদের তোপ গিয়ে পড়েছে তাঁর সাবেক স্বামী সিদ্দিকের ওপর। অনেকেই সরাসরি সিদ্দিকের নাম উল্লেখ করে মিমের এই খোঁচাকে সিদ্দিকের সাম্প্রতিক ‘ধর্মীয় পরিবর্তন’-এর সঙ্গে মেলাচ্ছেন।

দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। জেল থেকে ফেরার পর তাঁর বাহ্যিক অবয়বে বড় পরিবর্তন লক্ষ করা গেছে; বর্তমানে তিনি নিয়মিত দাড়ি রাখছেন ও টুপি পরছেন। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিক জানিয়েছেন, কারাগারের নির্জনতায় তিনি ইসলামের পথে চলার অনুপ্রেরণা পেয়েছেন এবং বর্তমানে তিনি ‘আলোর পথে’ রয়েছেন। এমনকি সেই সাক্ষাৎকারে মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ হিসেবে উল্লেখ করে ছেলের প্রতি ভালোবাসার খাতিরে প্রাক্তন স্ত্রীর প্রতি সম্মানও প্রদর্শন করেন তিনি। ধারণা করা হচ্ছে, সিদ্দিকের এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নিয়েই মিম বিরক্তি প্রকাশ করেছেন।

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও সিদ্দিককে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে মাইক্রোফোন ছুড়ে ফেলে আলোচনায় এসেছিলেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ‘ভণ্ড হুজুর’ মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিল। ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটির ২০১৯ সালে বিচ্ছেদ ঘটে। তাঁদের সংসারে আরশ হোসাইন নামে একটি পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন সময় একে অপরের প্রতি অভিযোগের আঙুল তুললেও এবার মিমের এই সরাসরি আক্রমণাত্মক পোস্ট বিনোদন পাড়ায় নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।