বয়স যে শুধুই একটি সংখ্যা, তা যেন বারবারই প্রমাণ করে চলেছেন বলিউডের ‘এভারগ্রিন গ্ল্যামার কুইন’ মালাইকা আরোরা। পঞ্চাশ পেরিয়েও নিজের ফিটনেস ও গ্ল্যামার দিয়ে অনুরাগীদের মুগ্ধ করে চলেছেন তিনি। এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বলিপাড়ায় গুঞ্জন, নিজের চেয়ে প্রায় ১৯ বছরের ছোট এক সুদর্শন হীরা ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মালাইকা।
আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের ইতি টানার পর নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা। দীর্ঘদিনের সেই সম্পর্কও শেষ হয়েছে। এবার অভিনেত্রীর জীবনে নতুন কারও আগমন ঘটেছে বলে গুঞ্জন ছড়িয়েছে।
নতুন এই ব্যক্তির নাম হর্ষ মেহতা। পেশায় তিনি একজন হীরা ব্যবসায়ী। সম্প্রতি মালাইকার মায়ের বাড়ির একটি অনুষ্ঠানে হর্ষের সঙ্গে অভিনেত্রীর ছবি প্রকাশ্যে আসে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। গত সপ্তাহেও একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গেছে। নীল জিন্স ও সাদা টপে মালাইকার হাসিমুখও নজর কেড়েছে অনুরাগীদের।
আরও চমকপ্রদ বিষয় হলো, ওই পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকার ছেলে আরহান খানও। মায়ের সঙ্গে হর্ষকে একই অনুষ্ঠানে দেখা যাওয়ায় নতুন সম্পর্ক নিয়ে আলোচনা আরও বেড়েছে। যদিও মালাইকা বা হর্ষ কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুজনের বয়সের ব্যবধান নিয়ে। গুঞ্জন সত্যি হলে, হর্ষ মেহতা মালাইকার চেয়ে প্রায় ১৯ বছরের ছোট। এর আগে অর্জুন কাপুরের সঙ্গেও বয়সের বড় ব্যবধানের সম্পর্ক নিয়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী। ফলে নতুন এই গুঞ্জন সামনে আসার পর আবারও মালাইকার ব্যক্তিগত পছন্দ নিয়ে শুরু হয়েছে নানা চর্চা।
এর আগে এক মডেলের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সেই জল্পনা বেশিদিন স্থায়ী হয়নি। এবার হর্ষ মেহতার সঙ্গে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী।
যদিও সম্পর্কের বিষয়টি এখনো নিশ্চিত নয়, তবে পঞ্চাশের কোঠা পেরিয়েও নিজের মতো করে জীবন উপভোগ করছেন মালাইকা। নতুন এই গুঞ্জনের সত্যতা শেষ পর্যন্ত কী দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।