একসময় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় সংগীতশিল্পী ছিলেন মাইনুল আহসান নোবেল। তবে পরবর্তী সময়ে গানের চেয়ে নানা বিতর্ক, মাদককাণ্ড, নারীঘটিত অভিযোগ ও মামলা-মোকদ্দমা ঘিরেই বেশি আলোচনায় আসেন তিনি। এবার সেই অধ্যায় পেছনে ফেলে স্ত্রী ও সন্তানকে নিয়েই যেন নতুন করে ব্যস্ত হয়ে উঠেছেন এই গায়ক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। এসব পোস্টে উঠে এসেছে তাঁর জীবনের ভিন্ন এক অধ্যায়, পরিবারের সঙ্গে কাটানো হাসি-আনন্দের নানা মুহূর্ত।
একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল। ভিডিওটি তাঁর স্ত্রী ধারণ করেছেন বলে জানিয়েছেন তিনি। অন্য একটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে জেমসের জনপ্রিয় ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাঁকে।
এ ছাড়া ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ ও ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনে স্ত্রী-পুত্রের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন নোবেল। ছবিগুলোতে পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং আনন্দঘন সময় কাটানোর দৃশ্যই দেখা গেছে।
নোবেলের এমন পারিবারিক মুহূর্ত দেখে খুশি তাঁর ভক্তরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া।’ আরেকজন লিখেছেন, ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন।’ আরেক ভক্ত ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই।’
নোবেলকে ঘিরে গত বছরও বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করার খবর প্রকাশ্যে আসে। বর্তমানে সেই স্ত্রী ও সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন তিনি।
নোবেলের সাম্প্রতিক পোস্টগুলোতে পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও দেখে ভক্তদের প্রত্যাশা, অতীতের বিতর্ক পেছনে ফেলে এবার আবারও গানে মন দেবেন এই গায়ক।