বলিউডে নেপোটিজম বিতর্কের কারণে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় অনন্যা পাণ্ডেকে। তবে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে নিজের পরিচয় আড়াল করতে চান না তিনি। বরং বাবার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে গর্বিত এই অভিনেত্রী।
সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২৪তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে অংশ নিয়ে অনন্যা বলেন, চাঙ্কি পাণ্ডের মেয়ে হওয়ার বিষয়টি অস্বীকার করার কোনো কারণ দেখেন না তিনি। বাবার পরিচয়ের সঙ্গে নেতিবাচক কিছু যুক্ত করতেও চান না।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার। এরপর থেকেই নেপোটিজম নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন তিনি।
অনুষ্ঠানে জেন জি প্রজন্মকে অলস ও পরিশ্রমবিমুখ ভাবার প্রচলিত ধারণার সঙ্গেও দ্বিমত পোষণ করেন অভিনেত্রী। তাঁর মতে, সাফল্যের সংজ্ঞা সবার কাছে এক নয়। কেউ দীর্ঘ সময় কাজ করে সাফল্য অর্জন করেন, আবার কেউ নিজের মতো করে এগিয়ে যান। অনন্যা জানান, তিনি ব্যস্ত ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও কাজ করতে ভালোবাসেন। তবে তাঁর প্রজন্মের অন্যদের সাফল্য অর্জনের পথ ভিন্ন হতে পারে।