গত কয়েক মাস ধরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা গুঞ্জন ও বিচ্ছেদের আলোচনার মাঝে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সাম্প্রতিক এক আয়োজনে ব্যক্তিগত জীবনের নানা প্রশ্নের মুখোমুখি হলেও বিচ্ছেদ সংক্রান্ত গুঞ্জনের কোনো উত্তর দেননি তিনি। তবে নতুন সম্পর্কের কথা স্বীকার করে রসাত্মক ভঙ্গিতে তিনি জানান, তাঁর নতুন সম্পর্কটি হয়েছে ‘লিলি’র সঙ্গে, যা তাঁর জীবনের অন্যতম সেরা ভালোবাসার জায়গা জুড়ে রয়েছে।

এদিকে বড় পর্দায় নিজের ক্যারিয়ারের পরিধি আরও বাড়িয়ে চলেছেন এই অভিনেত্রী। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার পর এবার তিনি যুক্ত হয়েছেন ‘কানাভুলা প্যারাডক্স’ নামের নতুন একটি সিনেমায়। এই সিনেমায় তাঁর সঙ্গে আবারও পর্দা ভাগ করবেন অভিনেতা শরীফুল রাজ। অভিনয়ের মুন্সিয়ানা ধরে রাখতে হরর সিনেমা দেখার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাসেও সময় কাটাচ্ছেন তিনি।