গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা নিয়ে আবারও মুখ খুলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আজ ১৭ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে।’ বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ আদালতে হাজিরা দিতে গেলে এই মন্তব্য করেন তিনি।
গত ছয় বছর ধরে নিয়মিত আদালতে আসা-যাওয়া করছেন উল্লেখ করে পরীমনি বলেন, কেউ বলতে পারবেন না তিনি কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেছেন। সেদিন সাংবাদিকের কার্ড দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তাঁর গায়ে অযাচিত স্পর্শ করার কারণেই মূলত তিনি মেজাজ হারিয়েছিলেন বলে জানান এই চিত্রনায়িকা। অন্যদিকে মামলায় হাজিরা শেষে আজ আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের নির্দেশে অভিযোগ গঠনের নতুন তারিখ আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন।