আইনি ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না চিত্রনায়িকা পরীমনির। বিভিন্ন অভিযোগ ও মামলার ভিত্তিতে প্রায়ই তাকে আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে দেখা যায়। সম্প্রতি বনানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান তিনি। এর আগে গত ৫ আগস্ট এক ব্যবসায়ীকে মারধরের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে এক সংবাদকর্মীর সঙ্গে তার অনভিপ্রেত বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছিল, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আদালত প্রাঙ্গণে শুনানির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ঘটনার ব্যাখ্যা দেন পরীমনি। তিনি প্রশ্ন তোলেন, সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটাকে কি সবাই প্রশ্রয় দেবেন? তার দাবি, সেদিন তাকে অযাচিতভাবে স্পর্শ বা ‘ব্যাডটাচ’ করা হয়েছিল এবং প্রতিবাদ করায় সাংবাদিকের কার্ড দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করা হয়। এ কারণেই মূলত তিনি মেজাজ হারিয়েছিলেন বলে জানান এই চিত্রনায়িকা।