তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপ সংগীতশিল্পী লাকি আলী। এবারের সফরে ঢাকা ও চট্টগ্রাম, দুই শহরেই মঞ্চ মাতাবেন ‘ও সানাম’খ্যাত এই শিল্পী।
‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শীর্ষক কনসার্টটির আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র্যাডিসন ব্লুতে এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে পারফর্ম করবেন তিনি। দুই শহরেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যান্ড অংশ নেবে। ব্যান্ডগুলোর নামও প্রকাশের কথা রয়েছে।
ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। ইকিউবের ওয়েবসাইটে জেনারেল, প্রিমিয়াম ও ভিআইপি শ্রেণির টিকিট পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে ৪ হাজার, ৭ হাজার ও ১২ হাজার টাকা। চট্টগ্রামের কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের কয়েকটি কনসার্ট স্থগিত হওয়ায় লাকি আলীর অনুষ্ঠান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শঙ্কা দেখা দিয়েছে। তবে আয়োজকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অনুমতির বিষয়ে আলোচনা এবং সবুজসংকেত পাওয়ার পরই টিকিট বিক্রি শুরু হয়েছে। অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা পাওয়ার ব্যাপারেও আশাবাদী তাঁরা।
নব্বইয়ের দশকে ইন্ডি-পপ ও বলিউডের মেলোডি গানে নিজস্ব পরিচিতি তৈরি করেন লাকি আলী। ১৯৯৬ সালে প্রকাশিত তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুনো’র ‘ও সানাম’ গানটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এ ছাড়া ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’, ‘জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়’ ও ‘সফরনামা’র মতো গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১৫ সালের পর প্লেব্যাক থেকে ধীরে ধীরে সরে এসে স্বাধীন সংগীতে মনোযোগ দেন এই শিল্পী।