বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ এবং হিমাচলের মাণ্ডি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। হৃতিক রোশান থেকে শুরু করে আদিত্য পাঞ্চোলি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অতীতে কম চর্চা হয়নি। তবে সম্প্রতি সহকর্মী ও ভারতের সংসদ সদস্য চিরাগ পাসোয়ানকে ঘিরে নতুন করে শুরু হওয়া প্রেমের গুঞ্জন এবার কড়া ভাষায় উড়িয়ে দিলেন এই অভিনেত্রী।

চিরাগের সঙ্গে সম্পর্ক নিয়ে কঙ্গনা এক সাক্ষাৎকারে রসিকতা মেশানো স্বরে বলেন:

“চিরাগের সঙ্গে আমার বিশেষ কিছু নেই। আমি আর চিরাগ শুধু ভালো বন্ধু। অনেক বছর আগে আমরা একসঙ্গে ছবি করেছিলাম। আমাদের মধ্যে সত্যি কোনো সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত।”

কঙ্গনা ও চিরাগের পরিচয়ের সূত্রপাত প্রায় ১৪ বছর আগে। ২০১১ সালে ‘মিলে না মিলে হম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগের। সেই সিনেমায় তাঁরা জুটি বেঁধে অভিনয় করেছিলেন। রূপালি পর্দায় তাঁদের রসায়ন জমলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। এরপর কঙ্গনা অভিনয়ে নিজের আধিপত্য বিস্তার করলেও চিরাগ নাম লেখান রাজনীতিতে।

দীর্ঘ বিরতির পর ভারতের সংসদ ভবনে ফের দেখা হয় এই দুই পুরনো সহকর্মীর। সংসদে তাঁদের খুনসুটি, একে অপরের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা হাসিমুখে ক্যামেরাবন্দি হওয়ার দৃশ্য নেটপাড়ায় মুহূর্তেই ভাইরাল হয়। সেখান থেকেই ডালপালা মেলে নতুন প্রেমের গল্পের। অনেকেই ধারণা করেছিলেন, জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে হয়তো রাজনীতিক চিরাগের বুকেই তরী ভিড়িয়েছেন কঙ্গনা। তবে কঙ্গনার এই স্পষ্ট বার্তার পর সেই জল্পনায় অন্তত আপাতত ইতি পড়ল।