একসময় ছোটপর্দার জনপ্রিয় ও হিট জুটির অন্যতম ছিলেন ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। ভক্তদের কাছে এই জুটি ‘তিভান’ নামে পরিচিত। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’-এর মতো একাধিক দর্শকনন্দিত নাটক উপহার দেওয়া এই জুটি মাঝে বেশ কিছু দিন একসাথে স্ক্রিনে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি ‘প্রতিশোধ’ নাটকের মাধ্যমে আবারও পর্দায় ফিরলেন তাঁরা। ভাইব নিউজ-এর এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত।

মাহমুদ মহিনের পরিচালনায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘প্রতিশোধ’ নাটকটিতে এক তরুণ উদ্যোক্তা বা চাকরিপ্রার্থীর পেশাগত জীবনের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। বিদেশে পড়াশোনা ও কাজ শেষে দেশে ফিরে একটি প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে ভিন্নধর্মী ও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় গল্পের কেন্দ্রীয় চরিত্রকে। করপোরেট সংস্কৃতি এবং প্রতিষ্ঠানগুলোর অযৌক্তিক অভিজ্ঞতা চাওয়ার মানসিকতা নিয়ে তৈরি এই গল্পে রয়েছে সচেতনতামূলক বার্তা।

নাটকটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই তা দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। অনেকেই কমেন্ট বক্সে জোভান ও তানজিন তিশার দারুণ স্ক্রিন কেমিস্ট্রি ও সাবলীল অভিনয়ের প্রশংসা করছেন। এ জুটির নিয়মিত কাজ নিয়ে অনস্ক্রিনে আসার দাবিও জানান ভক্তরা। জোভান জানান, ঈদের আগেই নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ করা হয়েছিল।

শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিনের যৌথ রচনায় নির্মিত এই নাটকে জোভান-তিশা ছাড়াও অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায় ও বড়দা মিঠুর মতো গুণী অভিনয়শিল্পীরা।