ইউটিউবে মুক্তির মাত্র দুই দিনেই এক কোটি ভিউয়ের মাইলফলক পেরিয়েছে ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘মন দুনিয়া’। ৬ নভেম্বর দুপুরে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লাখের বেশি। পাশাপাশি এক লাখ ১৮ হাজারের বেশি লাইক ও সাড়ে পাঁচ হাজারের বেশি মন্তব্য এসেছে।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আবিরের (তৌসিফ) সঙ্গে পরিচয় হয় তুলির (তটিনী)। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হলেও নানা জটিলতায় সেই সম্পর্ক পূর্ণতা পায় না।

বন্ধুর প্রেমের প্রস্তাব ফিরিয়ে তুলি আবিরকে ভালোবাসার কথা জানালেও বন্ধুত্বের কথা ভেবে আবির নিজের অনুভূতি গোপন রাখে। পরে দুই পরিবারের বিরোধিতা ও বাবার শর্তে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে বিচ্ছেদের পর দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে যায়। শেষ পর্যন্ত তুলির আত্মত্যাগ ও আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।

অভ্র মাহমুদের গল্প ও চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর ও শিল্পী সরকার অপু। দ্রুততম সময়ে এক কোটি ভিউ পাওয়ার এই অর্জনে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা ও শিল্পীরা। প্রযোজকের পরবর্তী লক্ষ্য এক দিনেই নাটকের এক কোটি ভিউ অর্জন।