পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্বে কী ঘটবে, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। এর মধ্যেই ইনস্টাগ্রামে মজার ছলে ধারাবাহিকটির গল্প ফাঁসের দাবি করেছেন অভিনেত্রী রোমাইসা খান। তাঁর দেওয়া তথাকথিত স্পয়লারে ছিল তুরস্কে জারিয়াবের যাত্রা, আবু বকরের মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠা এবং জামিলের সঙ্গে পারিবারিক সম্পর্কের অদ্ভুত মোড়।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক রিলে হামনা চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান রোমাইসা। এরপর মজা করে বলেন, এবার দর্শকদের উপহার হিসেবে ধারাবাহিকের পরবর্তী ঘটনাগুলো জানিয়ে দেবেন তিনি।

রোমাইসার মজার গল্প অনুযায়ী, জারিয়াবের চরিত্রে অভিনয় করা দুরেফিশান সেলিম শেষ পর্যন্ত তুরস্কে চলে যাবেন। সেখানে তাঁর দেখা হবে ঐতিহাসিক তুর্কি নেতা এরতুগ্রুলের সঙ্গে, যিনি জারিয়াবের সাবেক প্রেমিক জামিলের চাচাতো ভাই। অন্যদিকে জামিলকে বিয়ে করবেন হামনা। এদিকে জারিয়াবকে হারিয়ে আবু বকর হয়ে উঠবেন মোটিভেশনাল স্পিকার। ‘লেটস মুভ অন’ নামে একটি সেমিনারের আয়োজন করলে সেখানে উপস্থিত হবেন জামিলও।

এরপর আরও অদ্ভুত এক মোড়ের কথা বলেন অভিনেত্রী। জামিল নাকি আবু বকরকে জানাবেন, তাঁদের দুজনের মা একই ব্যক্তি খুশবখত। অর্থাৎ তাঁরা সৎভাই। এসব জটিলতায় বিরক্ত হয়ে হামনা দুবাই চলে যাবেন এবং সেখানে আবাসন ব্যবসায় যুক্ত হবেন।

তবে রোমাইসা পরে স্পষ্ট করে দেন, এসব তথ্যের কোনোটিই ধারাবাহিকের প্রকৃত গল্প নয়। পুরো বিষয়টি ছিল দর্শকদের সঙ্গে তাঁর রসিকতা। আসল গল্প জানতে দর্শকদের ধারাবাহিকটি দেখার আহ্বান জানিয়েছেন তিনি।