দুই বছর আগে মুক্তি পাওয়া ওয়েব নাটক ‘ভ্যানিশিং ম্যান’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে এর সিক্যুয়াল ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। ইতোমধ্যে এটি প্রায় ৬০ লাখ দর্শক দেখেছেন এবং মন্তব্যের ঘরে জমা পড়েছে আড়াই হাজারেরও বেশি মন্তব্য।

তবে নাটকটির সবচেয়ে বড় চমক হয়ে উঠেছেন জিয়াউল হক পলাশের বিপরীতে অভিনয় করা নবাগতা অভিনেত্রী শেগুফতা আহমেদ জারবীনি। তার স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত অভিব্যক্তি এবং মিষ্টি হাসি দর্শকদের মন জয় করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্যের ঘরেও তার অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা। অনেকেই লিখেছেন, জারবীনির অভিনয় একেবারেই স্বাভাবিক এবং ওভারঅ্যাক্টিংয়ের ছাপ নেই। ভবিষ্যতে তাকে আরও নাটকে দেখতে চান বলেও মন্তব্য করেছেন অনেকে।

দর্শকদের এমন ভালোবাসায় অভিভূত জারবীনি। তিনি বলেন, নাটকটি মুক্তির পর থেকে যে পরিমাণ ইতিবাচক সাড়া পাচ্ছেন, তা তার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মন্তব্য দেখে তিনি আপ্লুত। এত প্রশংসা পেয়ে নিজের কাছেই অস্বস্তি ও লজ্জা লাগছে, তবে পুরো বিষয়টি তিনি দারুণ উপভোগ করছেন বলেও জানান।

যদিও অনেকের কাছে তিনি নতুন মুখ, অভিনয়ে একেবারে নবাগত নন জারবীনি। ছোটবেলায় তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। সেই লক্ষ্যেই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেন। পরে অভিনয়ে পা রাখেন। এর আগে নির্মাতা নাজমুল হুদা ঈমনের ‘কুড বি আস!’ ও ‘কুলেজ’-এ অভিনয় করলেও ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ প্রথমবারের মতো কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

জারবীনি জানান, প্রথম ‘ভ্যানিশিং ম্যান’-এ অভিনয় করায় তিনি জানতেন সিক্যুয়ালেও থাকবেন। তবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন, তা কল্পনাও করেননি। তার ধারণা ছিল আগের কিস্তির মতো এবারও সাফা কবিরই থাকবেন। শুটিং শুরুর মাত্র এক সপ্তাহ আগে জানতে পারেন, তিনিই একমাত্র নারী চরিত্রে অভিনয় করবেন। খবরটি শুনে যেমন উচ্ছ্বসিত হয়েছিলেন, তেমনি কিছুটা নার্ভাসও ছিলেন। এরপর নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করেছেন, আর দর্শকদের ভালোবাসা সেই পরিশ্রমকে সার্থক করেছে।

নাটকটির নির্মাতা নাজমুল হুদা ইমনও জারবীনির প্রশংসা করেছেন। তার ভাষ্য, প্রথম কিস্তির তুলনায় ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ আরও বেশি ইতিবাচক সাড়া পেয়েছে। বিশেষ করে জিয়াউল হক পলাশ ও জারবীনির জুটিকে দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন। নতুন শিল্পী হিসেবে জারবীনি প্রত্যাশার চেয়েও ভালো অভিনয় করেছেন বলেই মনে করেন তিনি।

‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ জিয়াউল হক পলাশ ও শেগুফতা আহমেদ জারবীনি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজী, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না ও শরীফ আজমসহ আরও অনেকে।