অভিনয়ের শত ব্যস্ততার মধ্যেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছেন ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-র ‘ফারহানা’ চরিত্রখ্যাত অভিনেত্রী ইসরাত তিথি। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ–৪ পেয়েছেন তিনি। ভাইব নিউজ-এর এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও ধারাবাহিক নাটকটির চিত্রধারণের ব্যস্ততা বেড়ে যাওয়ায় তিথির পক্ষে বিজ্ঞানের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। তাই বোর্ডে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভাগ পরিবর্তন করে মানবিকে চলে আসেন তিনি। অল্প সময়ের প্রস্তুতিতে টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথম হওয়ার কৃতিত্বও দেখান এই তরুণী।
পরীক্ষার ঠিক দুই দিন আগেও শুটিং করতে হয়েছিল এই অভিনেত্রীকে। এমনকি টেস্ট পরীক্ষার সময়ে কক্সবাজারে শুটিং শেষ করে সকালে ঢাকায় ফিরেই সরাসরি পরীক্ষার হলে বসতে হয়েছিল তাকে। শুটিং সেটেও বিরতির ফাঁকে নিয়মিত বই নিয়ে পড়াশোনা করতে দেখা যেত তিথিকে। মেয়ের এমন কঠোর পরিশ্রম ও সাফল্য নিয়ে পরিবারের সদস্যরাও বেশ আনন্দিত।
ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে ইসরাত তিথি লেখেন, "সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।"