ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় বড়সড় বাজিমাৎ করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। পরবর্তীতে শাকিবের সঙ্গেই ‘বরবাদ’ এবং দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই নিজের মজবুত ভিত্তি তৈরি করেন তিনি। কাজের জায়গায় প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকলেও বিনোদন জগতে তাঁর এই সাফল্যের পেছনের গল্পে লুকিয়ে রয়েছে এক চমকপ্রদ তথ্য পর্দায় সবার প্রিয় ইধিকার আসল নাম কিন্তু ইধিকা নয়!

অভিনয় জীবনের সূচনালগ্নে তাঁর নাম ছিল ‘টুম্পা পাল’। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’-র মতো দর্শকপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করার সময় বিনোদন অঙ্গন ও পরিচিত মহলে তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন। কিন্তু রূপালী পর্দায় স্থায়ী আসন তৈরি ও বড় পর্দায় আত্মপ্রকাশের আগে নাম পরিবর্তনের চিন্তাভাবনা করেন এই অভিনেত্রী। ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত ও সাধারণ হওয়ায় ইন্ডাস্ট্রির জন্য মানানসই এক অনন্য নামের খোঁজে নামেন তিনি, আর সেখান থেকেই বেছে নেন ‘ইধিকা’ নামটি।

নাম পরিবর্তনের পর বড় পর্দায় নতুন পরিচিতি নিয়ে শুরু হয় তাঁর স্বপ্নের উড়ান। বর্তমানে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে দেব ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে টানা বড় বাজেটের চলচ্চিত্রে কাজ করছেন তিনি। এর পাশাপাশি জানা গেছে, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রেও দেখা যাবে তাঁকে। এছাড়া পথিকৃৎ বসুর একটি প্রজেক্টে সুপারস্টার জিতের বিপরীতেও ইধিকার কাজের জোর আলোচনা চলছে।