একসময় বাংলা গানের জগতে আলোড়ন তোলা জুটি ছিলেন ফুয়াদ আল মুক্তাদির ও মিলা। ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ এবং ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো জনপ্রিয় গান উপহার দেওয়া এই জুটি দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে ফিরছেন নতুন গান নিয়ে।

তাদের নতুন গান ‘কান্ডারি চল’ প্রকাশিত হবে আগামীকাল। ফিফা বিশ্বকাপের নকআউট পর্বকে সামনে রেখে তৈরি করা হয়েছে ফুটবলভিত্তিক এই বিশেষ গান।

গানটি নিয়ে মিলা বলেন, ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে করা গানগুলো তার ক্যারিয়ারের অন্যতম সেরা স্মৃতি। ‘তুমি কি সাড়া দেবে’ ও ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো গানগুলো আজও শ্রোতারা মনে রেখেছেন। এত বছর পর আবার স্টুডিওতে একসঙ্গে কাজ করতে গিয়ে পুরোনো দিনের অনেক স্মৃতি ফিরে এসেছে বলেও জানান তিনি।

মিলার ভাষায়, ‘কান্ডারি চল’ শুধু একটি নতুন গান নয়, বরং এটি দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি এবং নতুন করে একসঙ্গে কাজ করার আনন্দের বহিঃপ্রকাশ।

তিনি আরও জানান, গানটির কাজ শেষ করে ফুয়াদ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তবে ভবিষ্যতে আরও কিছু গানের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন কনসার্ট ও বিশেষ আয়োজনে আবারও একসঙ্গে মঞ্চে ওঠার ইচ্ছাও প্রকাশ করেছেন তারা।

ফুয়াদ আল মুক্তাদির বলেন, অনেক দিন পর মিলার কণ্ঠ আর তার সুর-সংগীতের সমন্বয় দারুণভাবে ফুটে উঠেছে। আবার একসঙ্গে কাজ করতে গিয়ে পুরোনো স্মৃতিগুলোও ফিরে এসেছে। তিনি জানান, ‘কান্ডারি চল’ কোনো নির্দিষ্ট দেশ বা দলের জন্য তৈরি করা হয়নি। এটি ফুটবলপ্রেমী সব মানুষের জন্য।

তার মতে, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি মানুষের স্বপ্ন, বন্ধুত্ব, প্রতিযোগিতা, আনন্দ ও আবেগের সম্মিলিত উদ্‌যাপন। সেই অনুভূতিই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

‘কান্ডারি চল’-এর মিউজিক ভিডিওর কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। গান ও ভিডিও একযোগে প্রকাশ করা হবে। ভিডিওটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস।

গানটিতে মিলা ও ফুয়াদের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।