ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা Dua Lipa। ব্রিটিশ অভিনেতা Callum Turner-এর সঙ্গে লন্ডনে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন করেছেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, লন্ডনের মেরিলিবোন রেজিস্ট্রি অফিসে স্বল্প পরিসরের একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
বিয়ে শেষে রেজিস্ট্রি অফিস থেকে বের হওয়ার সময় নবদম্পতিকে শুভেচ্ছা জানান অতিথিরা। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি কালো ট্যাক্সিতে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা।
জানা গেছে, আগামী সপ্তাহে ইতালির Sicily-তে তিন দিনব্যাপী এক জমকালো উদযাপনের আয়োজন করেছেন দুয়া ও ক্যালাম। ঐতিহাসিক ভিলা ও বিলাসবহুল হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত, চলচ্চিত্র ও ফ্যাশন অঙ্গনের বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে।
দুয়া লিপা ও ক্যালাম টার্নারের সম্পর্ক প্রথম আলোচনায় আসে ২০২৪ সালে। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ছিলেন তারা। পরে ২০২৫ সালে এক সাক্ষাৎকারে দুয়া তাদের বাগদানের খবর নিশ্চিত করেন। বাগদানের এক বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখলেন এই তারকা জুটি।