যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। এবার আয়োজক তিনটি দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে মার্কিন পপ তারকা কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্ক খ্যাত লিসার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। ১২ জুন প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে এই ত্রয়ী বিশ্ববাসীকে ইলেকট্রনিক সংগীতের মূর্ছনায় মাতাবেন।

বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে সুযোগ পাওয়া প্রসঙ্গে ডিজে সঞ্জয় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “একজন অভিবাসী সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু। এটি সেই সব তরুণের প্রতিনিধিত্ব করে, যারা দুই ভিন্ন সংস্কৃতির ভেতর বড় হয়েছে এবং বিশ্বাস করেছে যে তাদের কণ্ঠস্বর অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।” উল্লেখ্য, নিউইয়র্ক টাইমস ইতিমধ্যেই তাঁকে বিশ্বের অন্যতম পরিচিত দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পীদের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে।

অন্যদিকে, ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পারফর্ম করবেন মেক্সিকান ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্দা এবং দক্ষিণ আফ্রিকার টাইলা। কানাডার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে থাকছেন মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেটের মতো তারকারা। এছাড়াও বিভিন্ন ভেন্যুতে জে বালভিন, আনিত্তা এবং এলিয়ান্নার মতো আন্তর্জাতিক শিল্পীদের পারফরম্যান্স দেখা যাবে। দর্শকদের বাড়তি উন্মাদনা জোগাতে ফিফা প্রতিটি ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে এই অনুষ্ঠানগুলো শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে।