ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দাদাগিরি আনলিমিটেড’-এ আসছে বড় পরিবর্তন। ২০০৯ সালে যাত্রা শুরুর পর দীর্ঘদিন ধরে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তবে এবার তার জায়গায় নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন টলিউড সুপারস্টার ও সাংসদ দীপক অধিকারী, যিনি দর্শকদের কাছে ‘দেব’ নামেই বেশি পরিচিত।

সম্প্রতি আসন্ন সিজনের প্রথম প্রোমো প্রকাশ করেছে আয়োজকরা। প্রোমোতে নতুন সঞ্চালক হিসেবে দেবের আগমনকে ঘিরে একটি আকর্ষণীয় গল্প তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, ‘দাদাগিরি’ সঞ্চালনার প্রস্তাব পেয়ে কিছুটা দ্বিধায় পড়ে যান তিনি। এক পর্যায়ে বলতে শোনা যায়, ‘কোথায় দাদা (সৌরভ গাঙ্গুলী), আর কোথায় আমি।’

প্রোমোতে আরও দেখা যায়, অভিনেতা ও জনপ্রিয় সঞ্চালক যীশু সেনগুপ্ত এবং আবির চ্যাটার্জি দেবকে উৎসাহ দিচ্ছেন। তারা বলেন, ‘আমরা পারলে তুমি কেন পারবে না?’ এরপর আত্মবিশ্বাস নিয়ে নতুন দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিতে দেখা যায় দেবকে।

নতুন সিজনের ট্যাগলাইন রাখা হয়েছে, ‘দাদাগিরি না করেও, দাদাগিরি করা যায়!’। প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে নতুন মৌসুম নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, সৌরভ গাঙ্গুলী অন্য একটি জনপ্রিয় শোর দায়িত্ব নেওয়ার পর ‘দাদাগিরি’র সঞ্চালনায় পরিবর্তন আসতে পারে। যদিও এতদিন বিষয়টি নিয়ে নানা জল্পনা ছিল। অবশেষে নতুন প্রোমোর মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।

নতুন যাত্রা নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন দেব। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। একেবারে নতুন জার্নি শুরু করছি।’ পোস্টে তিনি জি বাংলাকেও ট্যাগ করেন।

এদিকে নতুন মৌসুমের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অডিশন পর্ব ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন কেবল শুটিং শুরু এবং দর্শকদের সামনে নতুন রূপে ‘দাদাগিরি আনলিমিটেড’ ফিরে আসার অপেক্ষা।