ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’। বৃহস্পতিবার মুক্তি পাওয়া এই সিরিজে অপূর্ব ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, শ্যামল মাওলা, সারিকা সাবরিন, ফারহানা হামিদসহ আরও অনেকে।

তবে মুক্তির আগ পর্যন্ত দর্শকদের জন্য একটি বড় চমক গোপন রেখেছিলেন নির্মাতারা। সিরিজটি মুক্তির পর জানা গেছে, এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী।

শনিবার দুপুরে অপূর্ব ও ইয়াশ রোহানের সঙ্গে চঞ্চল চৌধুরীর কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে হইচই। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘ক্ষমতা, প্রভাব আর অজানা সমীকরণের মাঝে, এবার পরিচয় হোক জুনায়েদ জামশেদের সঙ্গে।’

এতে বোঝা যায়, ‘হেডলাইন’-এ ‘জুনায়েদ জামশেদ’ নামের একটি প্রভাবশালী চরিত্রে দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরীকে, যিনি গল্পের গুরুত্বপূর্ণ মোড় নির্ধারণে ভূমিকা রাখবেন।

চঞ্চল চৌধুরীর উপস্থিতি কেন গোপন রাখা হয়েছিল, সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছে হইচই কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, সিরিজে এমন আরও কয়েকটি সারপ্রাইজ রয়েছে, যা দর্শকরা সিরিজটি দেখার সময়ই আবিষ্কার করবেন। সেই চমক ধরে রাখতেই মুক্তির আগে চঞ্চলসহ কয়েকজন শিল্পীর অংশগ্রহণ প্রকাশ করা হয়নি।

সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই, অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট এবং মানবিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হেডলাইন’। আট পর্বের এই সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।