জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও বলিউডের প্রবীণ অভিনেতা চাঙ্কি পান্ডের একসঙ্গে তোলা একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে চাঙ্কি পান্ডের সঙ্গে একটি সেলফি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন চঞ্চল।
শনিবার প্রকাশিত সেই ছবির ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘হঠাৎ দেখা…….!!! চাঙ্কি পান্ডে।’ সঙ্গে ছিল ভালোবাসার দুটি ইমোজি। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ছবির পেছনের পরিবেশ দেখে অনেকের ধারণা, কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে দুই তারকার এই আকস্মিক সাক্ষাৎ হয়েছে। তবে কোথায় বা কোন উপলক্ষে তাদের দেখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ছবি প্রকাশের পর থেকেই চঞ্চলের ভক্ত অনুরাগীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। মন্তব্যের ঘরে কেউ মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন, আবার কেউ প্রশংসায় ভাসিয়েছেন দুই অভিনেতাকে। অনেকেই চঞ্চল চৌধুরীর বলিউডের সম্ভাব্য কোনো নতুন কাজ নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন এবং বড় প্রজেক্টে তাকে দেখার প্রত্যাশার কথাও জানিয়েছেন।
এদিকে, চাঙ্কি পান্ডেকে ঘিরেও স্মৃতিচারণ করেছেন অনেকে। বলিউডে দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রেও অভিনয় করে তিনি একসময় এ দেশের দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। নব্বইয়ের দশকে ‘স্বামী কেন আসামি’ ও ‘বেশ করেছি প্রেম করেছি’সহ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান।
বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথাও বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে জানিয়েছেন চাঙ্কি পান্ডে। বর্তমানে তিনি নতুন প্রজন্মের বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের বাবা হিসেবেও আলোচনায় থাকেন। চঞ্চলের সঙ্গে তার এই আকস্মিক সাক্ষাৎ তাই ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।