দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বসংগীতের কেন্দ্রে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। সাত সদস্যের এই দলটি তাদের নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে বড় পরিসরের একটি লাইভ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, যা বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

আগামী ২০ মার্চ প্রকাশ পেতে যাচ্ছে বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’। অ্যালবাম প্রকাশের পরদিন, ২১ মার্চ, সিউলের ঐতিহাসিক গোয়াংহামুন স্কয়ারে স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে বিশেষ লাইভ অনুষ্ঠান ‘বিটিএস কামব্যাক লাইভ : আরিরাং’। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো নতুন অ্যালবামের গান সরাসরি পরিবেশন করবে দলটি।

নেটফ্লিক্স জানিয়েছে, প্রায় ১৯০টি দেশের দর্শক একযোগে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এর আগে ২০২২ সালের জুনে বিটিএস তাদের অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছিল। সেই সময়ের পর প্রায় তিন বছর নয় মাসের বিরতি শেষে পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরছে ব্যান্ডটি।

চলতি বছরের শুরুতেই ‘আরিরাং’ অ্যালবামের ঘোষণা দিয়েছিল বিটিএস। দলটির মিউজিক এজেন্সি বিগহিট মিউজিক জানায়, এই অ্যালবামে সদস্যদের শিকড়, পরিচয় ও অনুভূতির প্রতিফলন রয়েছে। কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগান ‘আরিরাং’ থেকে অনুপ্রাণিত হয়ে অ্যালবামের নামকরণ করা হয়েছে। কোরিয়ান সংস্কৃতিতে ‘আরিরাং’ কেবল একটি গান নয়; এটি আবেগ, সংগ্রাম ও ঐতিহ্যের প্রতীক।

বিটিএসকে ঘিরে নেটফ্লিক্সের পরিকল্পনা এখানেই থামছে না। আগামী ২৭ মার্চ মুক্তি পাবে তাদের নতুন প্রামাণ্যচিত্র ‘বিটিএস : দ্য রিটার্ন’, যেখানে অ্যালবাম তৈরির নেপথ্য প্রস্তুতি ও সংগীতযাত্রার নানা গল্প তুলে ধরা হবে।

নতুন অ্যালবাম প্রকাশের পর এপ্রিল থেকে বিশ্ব সফরে নামবে বিটিএস। আগামী বছরের মার্চ পর্যন্ত চলা এই ট্যুরে বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে লাস ভেগাসে অনুষ্ঠিত ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ছিল তাদের সর্বশেষ ট্যুর। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কারণে দীর্ঘদিন দলগতভাবে মঞ্চে দেখা যায়নি বিটিএসকে। সব সদস্যের প্রত্যাবর্তনের পর এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বিশ্বজয়ী এই ব্যান্ডটি।