নতুন একটি সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে দর্শকদের সামনে হাজির হচ্ছেন বিদ্যা সিনহা মিম। পুরো গল্পটি আবর্তিত হয়েছে ‘অনন্যা’ চরিত্রের এক ব্যতিক্রমী যাত্রাকে কেন্দ্র করে। এই যাত্রায় তার সঙ্গী হয়েছেন অভিনেতা রিজওয়ান পারভেজ। দুর্গম পথ পাড়ি দেওয়া, বাইক ভ্রমণ, খুনসুটি ও ছোটখাটো ঝগড়ার মধ্য দিয়ে পর্দায় তাদের রসায়ন ফুটে উঠেছে।

সম্প্রতি সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন মিম। সহশিল্পীর প্রশংসা করে তিনি বলেন, শুটিংয়ের সময় কখনোই অভিনয় করছেন বলে মনে হয়নি। বরং সবসময় মনে হয়েছে, তিনি সত্যিই ‘অনন্যা’ চরিত্রটির জীবনযাত্রার অংশ হয়ে উঠেছেন।

শুটিংয়ের লোকেশন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, শুরুতে কুয়াকাটার প্রত্যন্ত অঞ্চলে শুটিং করতে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে তার কিছুটা সংশয় ছিল। তবে সেখানে পৌঁছে প্রাকৃতিক সৌন্দর্য ও লোকেশন দেখার পর তিনি বুঝতে পারেন, গল্পের জন্য এমন পরিবেশই সবচেয়ে উপযুক্ত ছিল।

মিম বলেন, এমন অনেক জায়গায় শুটিং করতে হয়েছে যেখানে গাড়ি পৌঁছাত না। কখনো মোটরসাইকেল, আবার কখনো ভ্যানে করে লোকেশনে যেতে হয়েছে। তবে পুরো টিমের আন্তরিক সহযোগিতার কারণে কঠিন সেই অভিজ্ঞতাও আনন্দের হয়ে উঠেছিল।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে কাজ করেছেন মিম। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, প্রথম কাজটিই এত সুন্দর একটি প্রজেক্ট দিয়ে শুরু করতে পেরে তিনি আনন্দিত। পুরো টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।

সিনেমার গল্পের সঙ্গে নিজের বাস্তব জীবনের মিলও খুঁজে পেয়েছেন মিম। তিনি বলেন, বাস্তব জীবনেও তিনি বাবা-মায়ের সঙ্গে খুবই ঘনিষ্ঠ। বয়সের কারণে তাদের শারীরিক পরিবর্তন ও অসুস্থতার বিষয়গুলো এখন তাকে নতুনভাবে ভাবায়। তাই সিনেমার গল্পের আবেগ তার নিজের জীবনকেও স্পর্শ করেছে বলে মনে করেন তিনি।