শুধু অভিনয় নয়, ভবিষ্যতের কথা ভেবে অভিনয়ের পাশাপাশি ভিন্ন পেশায় নিজেদের যুক্ত করছেন দেশের অনেক তারকা। কেউ শুরু করেছেন রেস্তোরাঁর ব্যবসা, কেউ পোশাকের ব্র্যান্ড, আবার কেউ বেছে নিয়েছেন ব্যাংকের চাকরি। ব্যক্তিগত অভিজ্ঞতা, ভবিষ্যতের প্রস্তুতি কিংবা নতুন কিছু করার আগ্রহ থেকেই এসব উদ্যোগ নিয়েছেন তারা।
তানজিন তিশা
দেড় দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন তানজিন তিশা। নাটক, বিজ্ঞাপনচিত্রসহ নানা কাজের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত এই অভিনেত্রী এবার উদ্যোক্তা হিসেবে নতুন পরিচয় তৈরি করতে যাচ্ছেন। খাবারের ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি। ঢাকার বনানীতে আগামী সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা রয়েছে তাঁর রেস্তোরাঁ ‘ও রিয়েল’।
রেস্তোরাঁ চালুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রচারণা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়েছে, পরিশীলিত স্বাদ, নান্দনিক পরিবেশ ও ছাদে কাটানো স্মরণীয় সন্ধ্যার অভিজ্ঞতা দিতে প্রস্তুত হচ্ছে ‘ও রিয়েল’। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তানজিন তিশার এই নতুন যাত্রা কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।
তমা মির্জা
অভিনয়ের বাইরে ভিন্ন পেশায় যুক্ত হয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। তিন মাসের বেশি সময় ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি), ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস পদে কাজ করছেন তিনি।
নতুন কর্মপরিবেশ, সহকর্মী ও বন্ধুত্বের অভিজ্ঞতা উপভোগ করছেন তমা। তবে ব্যাংকের চাকরির কারণে অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা নেই তাঁর। তমার ভাষায়, অভিনয় তাঁর প্রথম ভালোবাসা এবং এই পেশাতেই তিনি থাকতে চান।
নতুন চাকরিকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবেও দেখছেন না তিনি। জীবনের অন্য ক্ষেত্র সম্পর্কেও জানার এবং নতুন কিছু শেখার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তমা। বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয় করায় অবসর সময়টুকু কাজে লাগাতেই নতুন এই পেশায় যুক্ত হয়েছেন তিনি।
সিয়াম আহমেদ
২০২০ সালে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে অনলাইনে ফ্যাশনেবল পোশাকের ব্যবসা শুরু করেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ‘হোলাগো’ নামের এই প্রতিষ্ঠানটি মূলত পুরুষদের ফ্যাশন নিয়ে কাজ করে। তরুণদের জন্য ট্রেন্ডি ডিজাইনের বিভিন্ন পোশাক তৈরি ও বিক্রি করা হয় এখানে।
ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার পর অনলাইন ব্যবসার পাশাপাশি শোরুমও চালু করেন সিয়াম ও তাঁর বন্ধুরা। শোরুম উদ্বোধন করেন তাদের বাবা-মায়েরা। সিয়ামের কাছে এটি শুধু ব্যবসা নয়, বরং বন্ধুত্বেরও একটি উদাহরণ। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ব্যবসার কার্যক্রম সামলে যাচ্ছেন তিনি।
পরীমনি
সন্তানদের জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে ব্যক্তিগতভাবে নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন পরীমনি। সেই অভিজ্ঞতা থেকেই মা ও শিশুদের প্রয়োজনীয় পণ্য সহজে এক জায়গায় পাওয়ার চিন্তা আসে তাঁর মাথায়। সেই ভাবনা থেকেই অনলাইনভিত্তিক লাইফস্টাইল পণ্যের ব্র্যান্ড ‘আইবডি’র পরিকল্পনা করেন অভিনেত্রী।
পরীমনির লক্ষ্য, মায়েরা যেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় ও আরামদায়ক লাইফস্টাইল পণ্য কিনতে পারেন। ব্যক্তিগত অভিজ্ঞতাকে ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার উদাহরণ হিসেবে তাঁর এই উদ্যোগটি আলাদা গুরুত্ব পেয়েছে।
অপু বিশ্বাস
ব্যবসার সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বেশ পুরোনো। প্রায় এক দশক আগে ঢাকার নিকেতনে জিম ব্যবসা শুরু করেছিলেন তিনি। পরে সেই উদ্যোগ বন্ধ হয়ে গেলেও নতুন ব্যবসায়িক পরিকল্পনা থেকে সরে যাননি অভিনেত্রী।
বছর দুয়েক আগে ঢাকার আফতাবনগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পারলার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ চালু করেন অপু। পরে নিকেতনেও এর একটি শাখা চালু করেন তিনি।
অভিনেত্রীর পরিচয়ের বাইরে নিজের আলাদা পরিচয় তৈরি করতেই ব্যবসায় যুক্ত হয়েছেন বলে জানান অপু। তাঁর মতে, একটা সময় অভিনয়জীবন থেকে সরে আসতে হবে। সেই ভবিষ্যতের কথা মাথায় রেখেই নতুন ব্যবসার উদ্যোগ নিয়েছেন তিনি।
ওমর সানী
অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত ওমর সানী। প্রায় পাঁচ বছর আগে ঢাকার আফতাবনগরে ‘চাপওয়ালা’ নামে রেস্টুরেন্ট চালু করেন তিনি। পরে মানিকগঞ্জের সাটুরিয়ায় শুরু করেন ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’।
রেস্টুরেন্টটির বিশেষত্ব হিসেবে বাঙালি ঘরোয়া খাবারকে গুরুত্ব দিয়েছেন এই অভিনেতা। ভাত, খিচুড়ি, পোলাও, গরু ভুনা, মুরগি ভুনা, হাঁস ভুনা, ভর্তা-ভাজি ও ডালসহ পরিচিত নানা খাবার পাওয়া যায় সেখানে।
ওমর সানীর ভাষ্য, শ্বশুরবাড়ির খাবার ও আপ্যায়নের আলাদা একটা বিশেষত্ব রয়েছে। তাই তাঁর রেস্টুরেন্টে আসা প্রতিটি ক্রেতাকেই শ্বশুরবাড়ির মেহমান হিসেবে বিবেচনা করেন তারা। দেশের বিভিন্ন এলাকা থেকে ভোজনরসিকেরা সেখানে খাবার খেতে আসেন বলেও জানান তিনি। ঢাকার হেমায়েতপুরে আরও একটি শাখা চালুর পরিকল্পনাও রয়েছে তাঁর।
জিয়াউল রোশান
চিত্রনায়ক জিয়াউল রোশানও অভিনয়ের পাশাপাশি যুক্ত হয়েছেন পোশাক ব্যবসায়। ‘ভেসতোরা’ নামের অনলাইনভিত্তিক ফ্যাশন পেজে প্যান্ট, শার্ট, টি-শার্টসহ তরুণদের বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায়। ভবিষ্যতে এই ব্যবসার শোরুম চালুর পরিকল্পনাও রয়েছে তাঁর।
রোশানের কাছে ব্যবসাটি শুধু আয়ের উৎস নয়, বরং ভবিষ্যতের প্রস্তুতির অংশ। তাঁর মতে, সারা জীবন সিনেমার নায়ক হয়ে থাকা সম্ভব নয়। একসময় অভিনয়জীবন থেকে সরে আসতে হবে। সেই বাস্তবতা মাথায় রেখেই অভিনয়ের পাশাপাশি ব্যবসায় যুক্ত হয়েছেন তিনি।
এর আগে বন্ধুদের সঙ্গে অংশীদারত্বে কয়েকটি ব্যবসায় যুক্ত ছিলেন রোশান। তবে নিজের উদ্যোগে কিছু করার পরিকল্পনা থেকেই পরবর্তীতে ‘ভেসতোরা’ শুরু করেন তিনি।