কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসছে কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যময় নারী ‘বনলতা সেন’। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত বহুল প্রতীক্ষিত এই সিনেমা। গতকাল শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার একটি বিশেষ ও রহস্যঘেরা পোস্টার শেয়ার করে খবরটি নিশ্চিত করেছেন এর প্রধান চরিত্রের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
নাবিলার শেয়ার করা নতুন পোস্টারটিতে দেখা গেছে এক বিশালাকৃতির প্রাচীন ফটক। যার দরজার ওপর শোভা পাচ্ছে ময়ূরের পেখম সদৃশ একটি বিশাল রাজমুকুট। দরজার বড় এক চাবির ছিদ্র দিয়ে এক রহস্যময় ব্যক্তিকে উঁকি দিতে দেখা যাচ্ছে, যা সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পোস্টারটি শেয়ার করে নাবিলা ক্যাপশনে লিখেছেন, "না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? বনলতা সেন আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।"
উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই সিনেপ্রেমীদের প্রবল আগ্রহ ছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু দেশের তৎকালীন রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতির কারণে কয়েক দফায় এর মুক্তি পিছিয়ে যায়। অবশেষে উৎসবের মৌসুমে প্রেক্ষাগৃহে আসার সবুজ সংকেত পেল সিনেমাটি।
সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। আর নাম ভূমিকা অর্থাৎ ‘বনলতা সেন’ রূপে রুপালি পর্দায় হাজির হবেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এ ছাড়া সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ একঝাঁক তারকা শিল্পী। জীবনানন্দের কবিতার সেই চিরন্তন আবেদন বড় পর্দায় কেমন রূপ নেয়, তা দেখতে এখন ঈদের অপেক্ষা করছেন দর্শকরা।