জনপ্রিয় ওয়েবটুন অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন কোরিয়ান হরর সিনেমা ‘বংছন-ডং গোস্ট’ (Bongcheon-dong Ghost)। এতে প্রধান দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কে-পপ গার্ল গ্রুপ ‘ও মাই গার্ল’-এর তারকা সদস্য আরিন এবং ‘অল অফ আস আর ডেড’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ইউন চান ইয়ং। প্রযোজনা প্রতিষ্ঠান লোট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে কাস্টিং নিশ্চিত করার পাশাপাশি জানানো হয়েছে, গত ৫ অক্টোবর থেকে সিনেমাটির অফিশিয়াল শুটিং শুরু হয়েছে।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ‘সু ইয়ন’ (আরিন) নামের এক তরুণীকে ঘিরে, যিনি বংছন-ডং এলাকার একটি অ্যাপার্টমেন্টে ওঠার পর থেকে একের পর এক অলৌকিক ও ভীতিকর ঘটনার সম্মুখীন হতে থাকেন। যে ভবনে তিনি ওঠেন, সেটি একসময় শামানদের আচার-অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো এবং সেখানে জড়িয়ে রয়েছে বহু বছরের পুরোনো এক অভিশাপ। একপর্যায়ে ভূতে ভর করার পর সু ইয়নের স্বাভাবিক জীবন তছনছ হয়ে যায়।

অন্যদিকে, ‘তায়ে ও’ (ইউন চান ইয়ং) চরিত্রে দেখা যাবে এক তরুণকে, যার মধ্যে ভূত দেখতে পাওয়ার অলৌকিক ক্ষমতা রয়েছে। সু ইয়নের ভয়াবহ বিপদের কথা জানতে পেরে সে রহস্যের জট ছাড়াতে এগিয়ে আসে। দুজন মিলে এলাকার সেই অভিশাপের মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাতে থাকে। ওয়েবটুনের ভীতিকর পরিবেশকে বড় পর্দায় রক্তহিম করা রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করছেন সিনেমাটির নির্মাতারা।