প্রচলিত কোরিয়ান সিরিজের গল্প ও নির্মাণশৈলী থেকে বেরিয়ে এসে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করছে ডিজনি প্লাসের অরিজিনাল সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ইউরোপীয় ধাঁচের কাল্পনিক সাম্রাজ্য, রাজকীয় পোশাক, প্রাসাদ ষড়যন্ত্র ও প্রেমের গল্পে সাজানো সিরিজটি বিশেষ করে জেন-জি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
৩ নভেম্বর মুক্তির মাত্র তিন দিনের মধ্যে ডিজনি প্লাসের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের রেকর্ড গড়ে এটি। বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ফ্রান্সসহ ৫০টির বেশি দেশে কোরিয়ান সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। বৈশ্বিক স্ট্রিমিং তালিকায় মার্ভেলের ‘ভিশন কোয়েস্ট’-এর পর দ্বিতীয় অবস্থানেও উঠে এসেছে সিরিজটি।
নেভার ওয়েবটুনের জনপ্রিয় উপন্যাস ও ওয়েবটুন অবলম্বনে নির্মিত সিরিজটির গল্প সম্রাজ্ঞী নাভিয়ে (শিন মিন-আহ) ও সম্রাট সোভিয়েশুকে (জু জি-হুন) ঘিরে। পলাতক দাসী রাশতার (লি সে-ইয়ং) প্রেমে পড়ে সম্রাট যখন নাভিয়েকে বিচ্ছেদের প্রস্তাব দেন, তখন আত্মমর্যাদায় অটল সম্রাজ্ঞী তাতে সম্মতি দেন। তবে শর্ত রাখেন, পশ্চিম সাম্রাজ্যের যুবরাজ হেইনরিকে (লি জং-সুক) বিয়ে করার অনুমতি দিতে হবে তাঁকে। এই সিদ্ধান্তে দুই সাম্রাজ্যের রাজনৈতিক সমীকরণ জটিল হয়ে ওঠে।
চো সু-ওন পরিচালিত এবং ইয়েও জিনা ও হিউন চুং-ইয়োল রচিত সিরিজটি মুক্তির আগেই আলোচনায় ছিল। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে যায়। ট্রেলারটি ৪৮ ঘণ্টায় দেখা হয় ১ কোটি ৩০ লাখবার। অন্যদিকে, মূল ওয়েবটুনটি এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি ভিউ পেয়েছে।
সিরিজটির জনপ্রিয়তা ঘিরে ৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলের সিওংসু দং এলাকায় চালু হয়েছে একটি ইন্টারঅ্যাকটিভ পপ-আপ স্টোর। সেখানে দর্শনার্থীদের ‘লেডি’ বা ‘লর্ড’ উপাধি দিয়ে রাজকীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া হচ্ছে। পাশাপাশি সম্রাজ্ঞী নাভিয়ের শয়নকক্ষ ও লেখার ঘরের আদলে সাজানো জায়গা, শিন মিন-আহের ব্যবহৃত পোশাক ও অলংকার এবং সিংহাসনে বসে ছবি তোলার ব্যবস্থাও রয়েছে।
সাংস্কৃতিক সমালোচক জং দক-হিউনের মতে, কোরিয়ান ড্রামায় সাধারণত বাস্তবধর্মী গল্পের প্রাধান্য থাকলেও এই সিরিজে ফ্যান্টাসি উপাদান ও পশ্চিমা আবহের সাহসী সংযোজন দেখা গেছে। জমকালো সেট, পোশাক পরিকল্পনা ও সংযত পরিচালনার কারণে গল্পের ফ্যান্টাসি আবহ অতিরঞ্জিত হয়নি। অভিনয়শিল্পীদের পারফরম্যান্সও সিরিজটিকে আকর্ষণীয় করে তুলেছে বলে মনে করেন তিনি।
প্রথম চারটি পর্ব একসঙ্গে মুক্তির পর ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার দুটি করে নতুন পর্ব প্রকাশ করা হচ্ছে। আগামী ২৫ নভেম্বর প্রচারিত হবে শেষ পর্ব। যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাস ও হুলুতে এবং অন্যান্য দেশে ডিজনি প্লাসে দেখা যাচ্ছে সিরিজটি।