কনসার্টের টিকিট বিক্রি থেকে হাজার কোটি টাকার বেশি আয় করে এশিয়ায় শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড সেভেনটিন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীতবিষয়ক সাময়িকী পোলস্টারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে ব্যান্ডটির কনসার্ট থেকে অভাবনীয় সাফল্য এসেছে।

২০২৫ সালের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে ১৩ সদস্যের এই কে-পপ দলটির মোট ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে। যার আর্থিক পরিমাণ ৯ কোটি ৭৪ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৯৮ কোটি ২৮ লাখ টাকা। পোলস্টারের ‘এশিয়া ফোকাস টপ ট্যুরিং আর্টিস্টস’ তালিকায় শীর্ষে থাকা এই দলের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে টোয়াইস ও টুমরো এক্স টুগেদার। এশিয়া ও বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে তাঁদের কনসার্টগুলোর এই রেকর্ডভাঙা সাফল্য কে-পপ ইন্ডাস্ট্রির মুকুটে নতুন এক ফলক যুক্ত করেছে।