ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে চলাফেরা করছেন তিনি এবং অন্যের সহায়তায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
সম্প্রতি ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ গ্রহণ করতে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হন এই কিংবদন্তি শিল্পী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা গ্রহণের পর তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অলকা ইয়াগনিক জানান, গত দুই বছর ধরে তিনি গুরুতর শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন। এ সময় তিনি নিজেকে জনসম্মুখ এবং বিভিন্ন অনুষ্ঠান থেকে দূরে রেখেছিলেন।
ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, তাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনই এই কঠিন সময়ে তাকে শক্তি জুগিয়েছে। পদ্মভূষণ সম্মাননাকে তিনি শুধু নিজের অর্জন নয়, বরং শ্রোতাদের ভালোবাসার স্বীকৃতি বলেও উল্লেখ করেন।
২০২৪ সালে অলকা ইয়াগনিক প্রকাশ করেছিলেন যে তিনি একটি বিরল শ্রবণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, একবার বিমান ভ্রমণ শেষে নামার পর হঠাৎ করেই তিনি শ্রবণক্ষমতা হারিয়ে ফেলেন। এরপর থেকেই চিকিৎসাধীন রয়েছেন এবং সংগীতাঙ্গনের কাজ থেকে কিছুটা দূরে আছেন।
দীর্ঘদিন ধরে তিনি ভাইরাল সংক্রমণের কারণে সৃষ্ট সেন্সরিনিউরাল শ্রবণশক্তি হ্রাসজনিত সমস্যার সঙ্গে লড়াই করছেন। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে অলকা স্বীকার করেন, তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এবং নানা শারীরিক জটিলতার মুখোমুখি হচ্ছেন। এই অবস্থার প্রভাব তার পেশাগত কাজের ওপরও পড়েছে।
৬০ বছর বয়সী এই শিল্পী স্বাস্থ্যগত সমস্যার কারণে গত দুই বছর ধরে প্রচারের আলো থেকে অনেকটাই দূরে ছিলেন। জনসমক্ষে উপস্থিতি কমিয়ে দিলেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। পদ্মভূষণ সম্মাননা গ্রহণের জন্য বিশেষভাবে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেন।
পদ্ম পুরস্কার গ্রহণের সময় অলকাকে সহায়তা করে মঞ্চে নিয়ে যেতে দেখা যায়। অনুষ্ঠান শেষে ক্লান্ত হয়ে পড়ায় হুইলচেয়ারে করে বেরিয়ে যান তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
তবে পরবর্তীতে নিজের শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করেন অলকা ইয়াগনিক। তিনি লেখেন, “আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আমার হুইলচেয়ারে বসা ভিডিও দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি ভালো আছি, ধীরে ধীরে সুস্থ হচ্ছি। পদ্ম সম্মানের দিন সারাদিনের ধকলের পর আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই হুইলচেয়ারে বসে সেখান থেকে বেরিয়ে যাই। আমাকে নিয়ে চিন্তার কিছু নেই।”
তিনি আরও লেখেন, “সকলের প্রার্থনা আমার মনোবল বাড়িয়ে দিয়েছে। আমাকে এই সম্মান দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত সরকারের কাছে কৃতজ্ঞ।”
চার দশকেরও বেশি সময় ধরে উপমহাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া অলকা ইয়াগনিক অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করছেন।