বলিউড মেগাস্টার আলিয়া ভাটকে সামনে বসিয়ে মঞ্চেই একের পর এক তীক্ষ্ণ কৌতুক আর খোঁচা। কখনো তার অভিনয়জীবনের ‘স্ক্রিপ্ট’ রিডিং নিয়ে টিপ্পনী, আবার কখনো বা ‘অ্যাকশন ডিরেক্টর’ নিয়ে প্রকাশ্য মন্তব্য। সেই কৌতুক শুনে মিলনায়তনে উপস্থিত দর্শক ও প্যানেলিস্টরা হাসিতে ফেটে পড়লেও কিছুটা অপ্রস্তুত দেখাল আলিয়াকে। ভারতের তুমুল জনপ্রিয় ও আলোচিত কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বের এই রোস্ট পারফরম্যান্স এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে।
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও ইউটিউবে একযোগে প্রচার শুরু হওয়া ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর নতুন সিজনের প্রথম পর্বটি প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আলিয়া ভাট। স্পাই ইউনিভার্সের আসন্ন হাই-ভোল্টেজ সিনেমা ‘আলফা’র প্রচারণায় এসে পুরো পর্বজুড়ে একের পর এক রোস্ট ও স্লেজিংয়ের মুখোমুখি হতে হয়েছে তাকে। পর্বটি প্রচারের পর আলিয়ার অসহায়ত্ব দেখে অনেক দর্শক সামাজিক মাধ্যমে সহানুভূতি প্রকাশ করলেও, নেট দুনিয়ার একাংশের দাবি—পুরো বিষয়টি আসলে আলিয়ার ছবির জন্য এক ধরনের চতুর জনসংযোগ (পিআর) কৌশলের অংশ।
রোস্টের কেন্দ্রবিন্দুতে আলিয়া জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নার সঞ্চালনায় ও এই রিয়্যালিটি শোর প্রথম পর্বে বিশেষ অতিথি বিচারক হিসেবে হাজির ছিলেন ‘আলফা’ সিনেমার দুই অ্যাকশন লেডি আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ।
শো চলাকালীন এক প্রতিযোগী হুবহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গেটআপ ও ছদ্মবেশ ধারণ করে মঞ্চে ওঠেন। মঞ্চে এসে ‘ট্রাম্প’ নিজের চেনা স্টাইলে আলিয়াকে উদ্দেশ্য করে একের পর এক চটকদার মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে ওই প্রতিযোগীর ফর্ম পড়তে গিয়ে আলিয়া কিছুটা হোঁচট খেলে ‘ভুয়া ট্রাম্প’ টিপ্পনী কেটে সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘ওকে জলদি কেউ একটা স্ক্রিপ্ট আর একজন পরিচালক এনে দাও!’
এই সপাটে মন্তব্যে দর্শকরা হাসিতে ফেটে পড়লেও আলিয়া পুরোটা সময় নিজেকে বেশ সংযত রেখেছিলেন এবং কোনো পাল্টা জবাব দেননি। এখানেই শেষ নয়, একপর্যায়ে সেই প্রতিযোগী আরও বড় বোমা ফাটিয়ে আলিয়াকে বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, তোমার আরেকজন রণবীর এখানে নেই।’ কথাটি শুনে মুহূর্তের জন্য বেশ বিভ্রান্ত ও অস্বস্তিতে পড়ে যান আলিয়া। পরে অবশ্য প্রতিযোগী হেসে পরিষ্কার করেন, তিনি আলিয়ার স্বামী রণবীর কাপুরকে নয়, বরং বিতর্কিত পডকাস্টার ও ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়াকে (বিয়ারবাইসেপস) ইঙ্গিত করেছেন। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর প্রথম সিজনে আল্লাহবাদিয়ার উপস্থিতি ও সময় রায়নার বিতর্কিত কথাবার্তার দিকেই মূলত আঙুল তুলেছিলেন তিনি।
‘আমি একটু ভয় পেয়েছিলাম’ পর্বের মাঝামাঝি সময়ে সঞ্চালক সময় রায়না আলিয়াকে সরাসরি জিজ্ঞেস করেন, তিনি পুরো শোতে এত চুপচাপ কেন হয়ে আছেন? জবাবে আলিয়া একগাল হেসে জানান, তিনি প্রতিযোগীর ট্রাম্প সাজ এবং তীক্ষ্ণ ডায়ালগ ডেলিভারিতে এতটাই অবাক ও চমকে গেছেন যে, তাৎক্ষণিকভাবে কী বলবেন তা বুঝে উঠতে পারছিলেন না।
পরবর্তীতে প্রতিযোগীদের স্কোর বা নম্বর দেওয়ার সময় আলিয়া বড় মন দেখিয়ে ওই প্রতিযোগীকে ১০-এর মধ্যে ১০-ই দেন। তবে নম্বর দেওয়ার পাশাপাশি অকপটে স্বীকার করেন, পুরো পরিবেশ ও রোস্টিংয়ের মাঝখানে তিনি কিছুটা অস্বস্তি, চাপ ও ভয় অনুভব করছিলেন। কারণ, এই ধরনের অফ-বিট সিচুয়েশন তাঁর মতো তারকার কাছে একদমই অপ্রত্যাশিত ও অপ্রস্তুত ছিল।
নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পর্বটি ওটিটিতে উন্মুক্ত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ভাটকে নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের বড় একটি অংশের মতে, একটি প্রচারণামূলক অনুষ্ঠানে ডেকে আলিয়াকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি এবং রুক্ষভাবে রোস্ট করা হয়েছে। একজন দর্শক লিখেছেন, ‘আলিয়া ভাট সেখানে এতটাই ভদ্র আচরণ করছিলেন যে তাঁকে দেখে খারাপ লাগছিল। সবাই মিলে সস্তা ট্রল করছিল তাঁকে নিয়ে।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘আলিয়া কখনোই এই ধরণের ডার্ক কমেডি বা রোস্টিং পরিবেশে খুব একটা স্বচ্ছন্দ নন। সময়ের শোতে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ দেখে সেটা স্পষ্ট বোঝা গেছে।’ তবে ট্রলের ওপারে দাঁড়িয়ে অন্য একটি অংশ মনে করিয়ে দিচ্ছেন, সময় রায়নার রোস্ট সংস্কৃতির শো সম্পর্কে আগে থেকেই আলিয়ার স্পষ্ট ধারণা থাকা উচিত ছিল। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, কেন আলিয়ার পার্সোনাল পিআর টিম এত বড় একজন তারকাকে এমন একটি কাঁটাছেড়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দিল!