দক্ষিণ ভারতীয় তারকা যশ অভিনীত ‘টক্সিক’ মুক্তির আগেই সিনেমাটির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আলোচনায় এসেছে। বিশেষ করে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা। তবে এসব বিতর্কের জবাব দিয়ে যশ জানিয়েছেন, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও সেখানে কোনো ধরনের অশালীনতা রাখা হয়নি।
সম্প্রতি ‘টক্সিক’-এর একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কথা বলেন যশ। কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্যের পাশাপাশি একটি দৃশ্যে তাঁকে পোশাকহীন অবস্থায়ও দেখা গেছে। এসব নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে যশ বলেন, সিনেমায় ঘনিষ্ঠতা থাকলেও অশালীনতাকে তিনি সমর্থন করেন না। তাঁর দাবি, দর্শকরা দৃশ্যগুলো মনোযোগ দিয়ে দেখলে বিষয়টি বুঝতে পারবেন। এমনকি সিনেমায় চুম্বনের দৃশ্যও রাখা হয়নি বলে জানান তিনি।
যশের মতে, পর্দায় কোনো দৃশ্যকে নান্দনিক ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপনের দায়িত্ব নির্মাতার। প্রতিটি দৃশ্যের ক্ষেত্রেই একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে এবং ‘টক্সিক’ নির্মাণের সময় সেই সীমারেখা মেনেই কাজ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে সিনেমাটির ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যও দেখা যায়। এ বিষয়ে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন যশ। তাঁর ভাষ্য, গানে দর্শকরা কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশ দেখেছেন। পুরো সিনেমায় তাঁর অভিনয় আরও বেশি নজর কাড়বে বলেও মনে করেন তিনি।
সমালোচনা প্রসঙ্গে যশ বলেন, একজন অভিনেতাকে ক্যারিয়ারে নানা ধরনের মন্তব্য ও সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে সেসব নিয়ে বেশি না ভেবে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়া উচিত। শেষ পর্যন্ত দর্শক কাজেরই মূল্যায়ন করেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ‘টক্সিক’ হয়তো সময়ের চেয়ে কিছুটা এগিয়ে থাকা একটি সিনেমা বলেও ইঙ্গিত দেন এই অভিনেতা।
নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই ‘টক্সিক’ নির্মাণ করা হয়েছে বলে জানান যশ। সিনেমাটি উদার মানসিকতা নিয়ে দেখার আহ্বান জানিয়ে ভক্তদের পূর্ণাঙ্গ অভিজ্ঞতার জন্য প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি উপভোগ করার অনুরোধও করেছেন তিনি।