দীপাবলি উদযাপনে টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী সোহিনী গুহ রায়কে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। একসঙ্গে বাজি পোড়ানোর সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করার পর থেকেই প্রশ্ন উঠেছে, দেবের আগামী কোনো সিনেমায় কি এই অভিনেত্রীকে দেখা যাবে?
সম্প্রতি একটি বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে দেবের সঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন সোহিনী। তিনি জানান, একসঙ্গে দীপাবলি উদযাপনের ছবি প্রকাশ করার মানে এই নয় যে তারা জুটি বেঁধে কাজ করছেন। বিষয়টি নিশ্চিত না করলেও সম্ভাবনা উড়িয়ে দেননি অভিনেত্রী। তাঁর ভাষ্যমতে, সময় সবকিছুর উত্তর দেয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে দেবের মতো জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করতে পেরে তিনি বেশ রোমাঞ্চিত হবেন।