ভারতের দক্ষিণী সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের বিয়ে এবং পরবর্তী প্রীতিভোজের আয়োজন নিয়ে চারদিকে চলছে তুমুল আলোচনা। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বসতে যাওয়া এই গ্র্যান্ড প্রীতিভোজের অনুষ্ঠানে রাজনীতি, বিনোদন ও ক্রিকেটজগতের একঝাঁক হেভিওয়েট তারকার উপস্থিতি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।
গত ১১ নভেম্বর গ্রিসে অত্যন্ত গোপনীয় ও ব্যক্তিগত পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিরুদ্ধ ও কাব্য। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই এখন সবার নজর তাদের প্রীতিভোজের দিকে। কন্যাকাব্যের বাবা তথা সান গ্রুপের চেয়ারম্যান কলানিধি মারান এই বিশেষ দিনে আমন্ত্রণ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের। আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। এছাড়া বিনোদন জগত থেকে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং বলিউডের বাদশা শাহরুখ খানের মতো তারকারাও থাকতে পারেন এই চাঁদের হাটে। কাজের সূত্রে অনিরুদ্ধের সঙ্গে সুসম্পর্ক থাকায় প্রীতিভোজের এই আয়োজনটি তারকাবহুল এক মিলনমেলায় পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।