হাসপাতালের বিছানায় প্রিয় তারকাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ঊর্ফী জাভেদের ভক্তরা। হাতে স্যালাইন, মুখে ক্লান্তির ছাপ। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল থেকে এমনই কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন ভারতীয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী।
হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ঊর্ফী। একটি পোস্টে রসিকতার সুরে তিনি লিখেছেন, ‘বছরে একবার হাসপাতালে ভর্তি তো হতেই হবে।’ তবে কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
অন্য একটি ভিডিওতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় ঊর্ফীকে। ভিডিওর পেছনে বাজছিল জনপ্রিয় গান ‘ইতনি শক্তি হমে দে না দাতা’। একই সঙ্গে অপারেশন থিয়েটারে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতার কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
তবে ঊর্ফীর বর্তমান শারীরিক অবস্থার কারণ এখনো স্পষ্ট নয়। তার টিমের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তাই ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এর আগেও স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ঊর্ফী। ২০২৪ সালের জানুয়ারিতে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় হাসপাতালের একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই পোস্টে রসিকতা করে লিখেছিলেন, ‘২০২৪ শুরু করলাম ধামাকা দিয়ে।’ পরে অবশ্য পোস্টটি মুছে দেন তিনি। সেবারও হাসপাতালে ভর্তি হওয়ার কারণ জানাননি এই অভিনেত্রী।
চলতি বছরের জুনেও মুখ ফুলে যাওয়ার সমস্যার কথা জানিয়েছিলেন ঊর্ফী। অনেকে এটিকে ফিলারের পার্শ্বপ্রতিক্রিয়া বলে মনে করলেও তিনি জানিয়েছিলেন, অ্যালার্জি, মানসিক চাপ এবং শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সমস্যাটির সম্পর্ক থাকতে পারে।
ঊর্ফী আরও জানিয়েছিলেন, বিড়ালের প্রতি তার অ্যালার্জি রয়েছে। অথচ তার বাড়িতে রয়েছে তিনটি পোষ্য বিড়াল।
এবার হাসপাতালের বিছানা থেকে ঊর্ফীর ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তবে তার অসুস্থতার প্রকৃত কারণ ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে ঊর্ফীর পরবর্তী আপডেটের জন্য।