নাটক ও চলচ্চিত্র নির্মাণে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ এর ২৫তম আসর। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা।
গত ২৫ বছর ধরে দেশের নাট্যাঙ্গনে কাজ করছেন চয়নিকা চৌধুরী। দীর্ঘ এই সময়ে ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক ও দুটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তাঁর কাজের স্বীকৃতি হিসেবেই বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করে। এবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।
সম্মাননা পাওয়া প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে নানা চড়াই-উতরাই ও বাধা-বিপত্তির মুখোমুখি হয়েছেন তিনি। তবে লক্ষ্য থেকে সরে না গিয়ে কাজকে প্রাধান্য দিয়েছেন। ২৫ বছরের এই যাত্রায় কাজের স্বীকৃতি হিসেবে সিজেএফবির সম্মাননা পেয়ে গর্বিত তিনি।