টালিগঞ্জে বিয়ের আমেজ। জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে বিয়ের খবর প্রকাশ করেছে কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিন। সংবাদমাধ্যমটির দাবি, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নিজের বাসায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করবেন অভিনেত্রী। একই দিনে তাদের বাগদানও হওয়ার কথা রয়েছে।
সংবাদ প্রতিদিন প্রকাশিত কয়েকটি ছবিতে বন্ধু ও হবু বরের সঙ্গে দেখা গেছে মিমিকে। ছবিগুলোতে সবার মুখেই ছিল হাসি, আয়োজনেও ছিল জমকালো সাজ। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
প্রতিবেদন অনুযায়ী, দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং মিমির ঘনিষ্ঠজনেরা বিয়ের আয়োজনে উপস্থিত থাকবেন। টালিউডের বন্ধুদের মধ্যে অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও অতিথি তালিকায় রয়েছে বলে জানা গেছে।
আইনি বিয়ের পর আগামী ৫ ডিসেম্বর পাহাড়ি শহর কালিম্পংয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখান থেকে ফিরে ১১ ডিসেম্বর কলকাতায় হবে বিবাহোত্তর সংবর্ধনা। এতে টালিউডের তারকা ও ঘনিষ্ঠজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। তবে প্রতিবারই বিষয়টি এড়িয়ে গেছেন অভিনেত্রী। কয়েক দিন আগে তার বিয়ের নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর আলোচনা আরও জোরালো হয়। এবার সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে উঠে এসেছে বিয়ের তারিখ ও আয়োজনের বিস্তারিত।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন মিমি চক্রবর্তী। ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। একই বছর ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান।
পরবর্তী সময়ে ‘প্রলয়’, ‘গল্প হলেও সত্যি’, ‘যোদ্ধা’, ‘শুধু তোমারই জন্য’, ‘কেলোর কীর্তি’, ‘ড্রাকুলা স্যার’, ‘বাজি’, ‘মিনি’ ও ‘রক্তবীজ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন মিমি। বাংলাদেশের ‘তুফান’ সিনেমাতেও দেখা গেছে তাকে।