নাটকের পর্দায় একসময় দর্শকের মন জয় করেছিলেন তাঁরা; সময়ের ব্যবধানে একসঙ্গে কাজের সুযোগ কমেছে ঠিকই, তবে অভিনয়ের পুরোনো বোঝাপড়া আর বন্ধুত্বের স্মৃতি নতুন করে ফিরছে বড় পর্দায়। আসছে রোজার ঈদে কাজী আসাদ পরিচালিত ‘যাত্রা বিরতি’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা যাবে
দীর্ঘদিন ধরে অভিনয় করলেও বড় পর্দায় কাজ না হওয়াকে নিজের দুর্ভাগ্য হিসেবে দেখছেন সুমাইয়া শিমু। চলচ্চিত্রে প্রথম কাজের অভিজ্ঞতা ও সিদ্ধান্তের পেছনের গল্প জানাতে গিয়ে তিনি বলেন, অনেক বছর ধরে অভিনয় করলেও চলচ্চিত্র অভিনয়ের আরেকটি শাখা, যেখানে এতদিন কাজ করা হয়নি; তাই প্রথম সুযোগটি তাঁর কাছে বিশেষ কিছু ছিল এবং স্ক্রিপ্টটিও বড় একটি বিষয় ছিল।
সহশিল্পীদের প্রসঙ্গ টেনে শিমু জানান, দলে মোশাররফ করিম ও দিলারা জামানের নাম জেনে কিছুটা সাহস পেয়েছিলেন তিনি। বিশেষ করে ক্যারিয়ারের অনেকটা সময় মোশাররফ করিমের সঙ্গে কাজ করায় পরিচিত সহশিল্পীদের পাশে পাওয়াটা তাঁর জন্য ভরসার জায়গা হয়ে ওঠে। রসিকতার সুরে মোশাররফকে নিয়ে তিনি বলেন, মোশাররফ ভাই অবশ্যই তাঁকে বেশি বিরক্ত করবেন সারাজীবন সেটাই করে এসেছেন; তবে মাঝখানে অনেক দিন একসঙ্গে কাজ না হওয়ায় এবং এমনিতেই নিজের কাজের পরিমাণ কমে যাওয়ায় এই সুযোগটি তাঁর কাছে ভালো লেগেছে। শুধু ক্যামেরার সামনে অভিনয় নয়, শুটিংয়ের বাইরের মুহূর্ত, বন্ধুত্ব, বোঝাপড়া ও একে অপরের প্রতি নির্ভরশীলতার জায়গাগুলোও খুব মিস করেছেন বলে জানান এই অভিনেত্রী।