সংগীতাঙ্গনের পরিচিত দুই মুখ প্রীতম হাসানজেফার রহমান এবার গান ছাড়িয়ে হাজির হচ্ছেন অভিনয়ের পর্দায়। প্রথমবারের মতো এই দুই শিল্পীকে জুটি করে নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।

বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ এ মুক্তি পেতে যাচ্ছে ফিল্মটি। প্রায় এক বছর আগে শুটিং শেষ হলেও বিভিন্ন টেকনিক্যাল জটিলতার কারণে এতদিন এটি মুক্তি পায়নি। সম্প্রতি টিজার প্রকাশের মধ্য দিয়ে অবশেষে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসে।

নির্মাতা শিহাব শাহীন জানান, ‘তুমি আমি শুধু’ মূলত এক তরুণীর স্বাধীনভাবে নিজের জীবন গড়ে তোলার সংগ্রাম, সম্পর্কের টানাপোড়েন এবং ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত। একইসঙ্গে এটি এক জোড়া মানুষের আবেগঘন সম্পর্কের গল্প, যেখানে দর্শক ভিন্নধর্মী অনুভূতির ছোঁয়া পাবেন।

ফিল্মটিতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ ও আব্দুল্লাহ আল সেন্টু। ভিন্ন স্বাদের গল্প ও নতুন জুটির উপস্থিতিতে ‘তুমি আমি শুধু’ দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।