টলিউড অভিনেত্রী ঋ সেন বরাবরই স্পষ্টভাষী। সম্প্রতি ‘বিগ বস বাংলা’র আলোচিত প্রতিযোগী রাজবীর দেকে নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। রাজবীরকে দেখে প্রেমে পড়েছেন কি না, এমন প্রশ্নে ঋ জানান, তাঁর প্রতি সেভাবে আকৃষ্ট হননি। তবে বিগ বসের ঘরে থাকলে রাজবীরকে চুমু খেতে পারতেন বলে মজার ছলে মন্তব্য করেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে ঋ বলেন, জীবনে অনেক সুদর্শন পুরুষ দেখেছেন তিনি। রাজবীরকে ভালো ছেলে মনে হলেও তাঁকে দেখে প্রেমে পড়ার মতো অনুভূতি তৈরি হয়নি। তবে একই ঘরে থাকলে হয়তো তাঁদের মধ্যে চুমুর ঘটনা ঘটতে পারত।

রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা এবং প্রেম নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ঋ। তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, জীবনে প্রেম ও যৌনতারও প্রয়োজন রয়েছে। তাই বিগ বসের ঘরে তাঁদের রসায়ন ভালোই লাগছে তাঁর।

ঋ সেনের এমন অকপট মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।