জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন দেখতে দর্শকদের অপেক্ষা আরও বাড়ল। চলতি বছর নতুন মৌসুমটি মুক্তির কথা থাকলেও তা হচ্ছে না। অ্যামাজন প্রাইম ভিডিও জানিয়েছে, ‘পঞ্চায়েত ৫’ আসতে পারে ২০২৭ সালে। তবে এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ জানানো হয়নি।
গত বছরের জুনে মুক্তি পেয়েছিল সিরিজটির চতুর্থ সিজন। এরপরই পঞ্চম মৌসুম নির্মাণের ঘোষণা আসে। সম্প্রতি প্রাইম ভিডিও সামাজিক মাধ্যমে মজার ভঙ্গিতে মুক্তির বিলম্বের খবর জানায়। পোস্টে সিরিজের জনপ্রিয় চরিত্র ভুষণ ওরফে বানরাকসের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ট্যাগ করে লেখা হয়, ‘প্রধানপতির ইচ্ছায়, নতুন মৌসুমে নিষেধাজ্ঞা।’ সিরিজের গ্রামীণ আবহের সঙ্গে মিল রেখে দেয়ালে লেখা ঘোষণার ছবিও প্রকাশ করা হয়।
চতুর্থ সিজনের অসমাপ্ত গল্পের বিভিন্ন প্রশ্নের উত্তর মিলতে পারে নতুন পর্বগুলোতে। পঞ্চম সিজনেও অভিষেক ত্রিপাঠী চরিত্রে ফিরছেন জিতেন্দ্র কুমার। পাশাপাশি ভুষণ ওরফে বানরাকসের চরিত্রে দুর্গেশ কুমারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চন্দন কুমারের লেখা সিরিজটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। প্রযোজনায় রয়েছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)।