চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনে সৌন্দর্যচর্চা, কসমেটিক ট্রিটমেন্ট এবং প্লাস্টিক সার্জারি নিয়ে আলোচনা নতুন নয়। তারকাদের চেহারার পরিবর্তন, বয়স ধরে রাখা কিংবা বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আলোচনা-সমালোচনা দেখা যায়।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়েই খোলামেলা মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। বর্তমান সময়ের অভিনেত্রীদের সৌন্দর্যচর্চা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এখনকার অনেক তারকাই বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বা সার্জারির সাহায্য নিচ্ছেন।

তার ভাষায়, “এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি।”

তবে এই ধরনের কসমেটিক পরিবর্তনের বিরুদ্ধে নন বলেও স্পষ্ট করেছেন তমা মির্জা। তিনি বলেন, কেউ যদি নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য কোনো ট্রিটমেন্ট নেয়, সেটিকে তিনি নেতিবাচকভাবে দেখেন না। বরং যারা এসব করার পরও বিষয়টি অস্বীকার করেন, তাদের মনোভাবই তার কাছে বেশি অস্বস্তিকর লাগে।

অভিনেত্রীর ভাষায়, “আমি মোটেও এর বিপক্ষে নই। আমার খারাপ লাগে তখনই, যখন কেউ সবকিছু করেও সেটা লুকানোর চেষ্টা করে। পনেরো বছর আগের আমি আর এখনকার আমার মধ্যে পরিবর্তন তো মানুষ দেখবেই।”

তিনি আরও বলেন, বয়সের কারণে স্বাভাবিক পরিবর্তন হওয়া এক বিষয়, কিন্তু কিছু পরিবর্তন এতটাই স্পষ্ট থাকে যে তা সহজেই বোঝা যায়। তাই এসব বিষয় অস্বীকার না করে খোলামেলাভাবে স্বীকার করাই ভালো বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে তমা মির্জা আরও জানান, বর্তমানে শুধু নারী তারকারাই নন, পুরুষ তারকারাও বিভিন্ন ধরনের বিউটি ট্রিটমেন্ট ও অ্যাস্থেটিক প্রক্রিয়ার সাহায্য নিচ্ছেন।