দক্ষিণী সিনেমার মেগাস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন চরম সংকটের মুখে। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার অভিযোগে স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গমের করা বিচ্ছেদ মামলার রেশ কাটতে না কাটতেই এবার বড় ধাক্কা এল খোদ ছেলের পক্ষ থেকে। বিজয়ের ছেলে, তরুণ পরিচালক জ্যাসন সঞ্জয় তাঁর নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর (বিজয় নামের 'ভি') সরিয়ে ফেলেছেন।
তামিল চলচ্চিত্র জগতে বাবার নামের আদ্যাক্ষর সন্তানের নামের আগে ব্যবহার করার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চললেও বাবার প্রতি ক্ষোভ থেকেই সঞ্জয় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, গুঞ্জন ছড়িয়েছে যে বাবার নামের আদ্যাক্ষর বাদ দিয়ে এবার মা সঙ্গীতার নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যোগ করবেন তিনি। যদিও এই বিষয়ে সঞ্জয় বা সঙ্গীতা এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমেও জ্যাসন তাঁর বাবাকে ‘আনফলো’ করেছেন বলে শোনা যাচ্ছে।
বিজয় ও সঙ্গীতার এই বিচ্ছেদ মামলা এখন আদালতের কাঠগড়ায়। আদালত আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এবং ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকেই বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত এবং বারবার প্রতিশ্রুতি দিয়েও তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে বিজয় ভক্তদের উদ্দেশে বলেন, “অযথা মাথা ঘামাবেন না, যা রটছে রটতে দিন।” দীর্ঘদিনের সুখী দম্পতি হিসেবে পরিচিত এই পরিবারের এমন ভাঙন এবং ছেলের কঠোর অবস্থান এখন দক্ষিণী সিনেমা পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।