শুরুতে ভালো সাড়া পেলেও অগ্রিম টিকিট বিক্রিতে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছিল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার। তবে লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ারের পর দর্শকদের আগ্রহ বাড়ায় আবারও গতি ফিরেছে টিকিট বিক্রিতে। বিশেষ করে উত্তর আমেরিকার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে ২৯ নভেম্বর পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় হয়েছে ১৫ কোটি রুপি। বিক্রি হয়েছে ২ লাখ ৭৫ হাজার টিকিট। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেস প্রিমিয়ারের পর উত্তর আমেরিকায় পেইড প্রিভিউয়ের টিকিট বিক্রির আয় ২৪ ঘণ্টায় ৬ লাখ ৩১ হাজার ডলার থেকে বেড়ে ৮ লাখ ডলারে পৌঁছেছে।

বিদেশের বিভিন্ন বাজারে প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে আরও ৫ লাখ ডলার। সব মিলিয়ে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্বজুড়ে ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি রুপি।

রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, রবি দুবে ও সানি দেওল অভিনীত সিনেমাটি দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্ব বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ৫ নভেম্বর। দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে।