মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে নতুন করে সরগরম যুক্তরাষ্ট্রের বিনোদন অঙ্গন। প্রায় এক বছর আগে বাগ্‌দানের ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। এবার একাধিক মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছে, চলতি সপ্তাহেই নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন এই আলোচিত জুটি।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ২ বা ৩ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা হতে পারে। আবার কেউ কেউ দাবি করছেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাইকেই জীবনের নতুন অধ্যায় শুরুর দিন হিসেবে বেছে নিতে পারেন তাঁরা। তবে টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন। বিভিন্ন প্রতিবেদনের দাবি, বিশ্বের অন্যতম বিখ্যাত এই ভেন্যুতেই হতে পারে বিয়ের আয়োজন। টেইলর সুইফটের সঙ্গে এই ভেন্যুর দীর্ঘদিনের সম্পর্কও রয়েছে। ২০০৯ সালে ‘ফিয়ারলেস’ ট্যুরের সময় প্রথম সেখানে পারফর্ম করেছিলেন তিনি। পরে একাধিক কনসার্ট এবং নিজের ৩০তম জন্মদিনের অনুষ্ঠানও আয়োজন করেন একই স্থানে।

তবে বিয়ের ভেন্যু হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের নাম উঠে এলেও বিষয়টি নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। কারণ, প্রকাশিত অনুষ্ঠানসূচিতে টেইলর বা ট্রাভিসের কোনো অনুষ্ঠানের উল্লেখ নেই। তাঁদের প্রতিনিধিদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, সম্ভাব্য আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় সীমিত পরিসরের একটি নৈশভোজ অনুষ্ঠিত হতে পারে। এতে প্রায় ১০০ জন ঘনিষ্ঠ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। মূল বিয়ের অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হতে পারে এবং সেখানে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সম্ভাব্য পারফর্মারদের তালিকাতেও উঠে এসেছে বেশ কয়েকটি আলোচিত নাম। স্টিভ নিকস, টিম ম্যাকগ্রো, এড শিরান এবং পল ম্যাকার্টনির পরিবেশনার গুঞ্জন শোনা গেলেও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই।

মার্কিন বিনোদনভিত্তিক ওয়েবসাইট টিএমজেড দাবি করেছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশেষ সাজসজ্জার প্রস্তুতি চলছে। ভেন্যুর বাইরে ট্রাক, সরঞ্জাম এবং কর্মীদের ব্যস্ততা নতুন করে জল্পনা উসকে দিয়েছে। তবে এগুলোর সঙ্গে টেইলর-ট্রাভিসের বিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

অতিথি তালিকায় ট্রাভিস কেলসির পরিবারের সদস্যদের পাশাপাশি কানসাস সিটি চিফসের কয়েকজন খেলোয়াড়ের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে টেইলরের পক্ষ থেকে সেলেনা গোমেজ, ব্লেক লাইভলি, রায়ান রেনল্ডসসহ হলিউডের বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকতে পারেন বলে দাবি করা হচ্ছে। যদিও এসব তথ্যও সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করেননি।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, সম্ভাব্য অতিথিদের গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে বলা হয়েছে এবং প্রচলিত আমন্ত্রণপত্রের পরিবর্তে ব্যক্তিগত ফোনকলের মাধ্যমে নিমন্ত্রণ জানানো হয়েছে, যাতে অনুষ্ঠানসংক্রান্ত তথ্য আগেভাগে ফাঁস না হয়।

এর আগে গুঞ্জন উঠেছিল, টেইলর সুইফটের রোড আইল্যান্ডের সমুদ্রতীরবর্তী বাড়িতেই ছোট পরিসরে বিয়ে হতে পারে। তবে স্থানীয় ওয়েডিং প্ল্যানার নিকোল সিমেরাল সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানান, ওই এলাকায় তাঁর উপস্থিতির সঙ্গে টেইলরের বিয়ের কোনো সম্পর্ক ছিল না।

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির প্রেমের শুরু ২০২৩ সালে। ট্রাভিসের একটি ‘ফ্রেন্ডশিপ ব্রেসলেট’ ঘিরে শুরু হওয়া পরিচয় পরে সম্পর্কে রূপ নেয়। এরপর কনসার্ট, এনএফএল ম্যাচ, সুপার বোল এবং বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। ২০২৫ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে বাগ্‌দানের ঘোষণা দেন এই তারকা জুটি।

তবে বিয়ের দিনক্ষণ, ভেন্যু কিংবা অতিথি তালিকা নিয়ে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তার বেশির ভাগই এখনো বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রনির্ভর দাবি। টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত না করা পর্যন্ত এসব তথ্যকে গুঞ্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছে।