মা হওয়ার প্রায় দুই মাস পর প্রথমবারের মতো ছেলের ছবি প্রকাশ্যে আনলেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের দুটি ছবি শেয়ার করতেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১২ মিনিটে ছবিগুলো প্রকাশ করেন সোহিনী। ক্যাপশনে লেখেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে...।’ ছবি প্রকাশের প্রথম ১০ মিনিটেই দেড় হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে।

গত ২০ সেপ্টেম্বর প্রথমবার মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় সোহিনী ও তাঁর স্বামী শোভনের প্রথম সন্তান। সেদিন ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে সন্তানের আগমনের খবর জানিয়ে সবার আশীর্বাদ চেয়েছিলেন তাঁরা।

এর আগে গত জুলাইয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা-বাবা হতে যাওয়ার সুখবর দিয়েছিলেন এই দম্পতি। বেবিবাম্প আগলে স্বামী শোভনের সঙ্গে একটি ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানান সোহিনী। ২০২৪ সালের জুলাইয়ে বিয়ে করেন শোভন ও সোহিনী। এবার প্রথমবার ছেলের ছবি প্রকাশ করে মাতৃত্বের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।