২০১০ সালে শাকিব খানের বিপরীতে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তমা মির্জার। প্রথম ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন তিন লাখ টাকা। দেড় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি। বর্তমানে প্রতি সিনেমার জন্য প্রায় ১৫ লাখ টাকা পারিশ্রমিক নেন তমা। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এই অঙ্ক কমবেশি হয়।

শৈশব থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তমার। সেই অভিজ্ঞতা থেকেই বিনোদন অঙ্গনে পথচলা শুরু। তবে শুরুর দিকে তাঁর অভিনীত ছবিগুলো প্রত্যাশিত সাফল্য পায়নি। মনমতো গল্প, চরিত্র ও প্রযোজনা প্রতিষ্ঠান না পাওয়ায় সংগ্রাম করতে হয়েছে তাঁকে। এক সাক্ষাৎকারে তমা জানিয়েছিলেন, বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়নি; নিজের চেষ্টাতেই এই জায়গায় এসেছেন।

প্রথম দিকে নায়িকা হওয়ার স্বপ্ন থাকলেও পরে অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেন তমা। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ ছবিতে অভিনয়ের পর তাঁর ভাবনায় পরিবর্তন আসে। ভালো কাজ বেছে নেওয়া ও পরিশ্রমের মাধ্যমে চলচ্চিত্রে টিকে থাকার গুরুত্ব উপলব্ধি করেন তিনি।

তাঁর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’। ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান তমা। এরপর ‘গ্রাস’, ‘অহংকার’ ও ‘গহীনের গান’-এর মতো সিনেমায় অভিনয় করেন।

বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে পাখি চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। এ ছাড়া ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’ ও ‘আমলনামা’তেও দেখা গেছে তাঁকে।

২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ তমার ক্যারিয়ারে নতুন বাঁক এনে দেয়। আফরান নিশোর বিপরীতে ময়না চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন তিনি। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ছবিটিতে তাঁর অভিনয়ও প্রশংসিত হয়। পরে ‘দাগি’ সিনেমায়ও অভিনয় করেন এই অভিনেত্রী।

২০২৬ সালের আগস্টে অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে নতুন পেশাগত দায়িত্ব নেওয়ার খবর জানান তমা। তবে অভিনয় চালিয়ে যাওয়ার কথাও স্পষ্ট করেছেন তিনি।