ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতার শুরু থেকেই নিজের নজরকাড়া লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে বিশ্ববাসীর নজর কেড়েছেন তিনি।
সম্প্রতি সমুদ্রপাড়ের মনোরম এক লোকেশনে হলুদ রঙের ফ্লোর-টাচ গাউনে ফটোশুটে অংশ নেন মাহি। ফুল স্লিভের এই আকর্ষণীয় গাউনের কোমরে ছিল চমৎকার পাথরের কারুকাজ, আর গায়ে শোভা পাচ্ছিল ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ। এই ফটোশুটে মাহির সঙ্গে আরও চার দেশের সুন্দরীদের ফ্রেমবন্দি হতে দেখা যায়। তারা হলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন। সামাজিক মাধ্যমে এই ছবিগুলো প্রকাশ করার পর থেকেই ভক্তদের মাঝে দারুণ সাড়া পড়েছে। প্রতিযোগিতায় দেশের অবস্থান শক্ত করতে এবং বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে অফিশিয়াল ফ্যান ভোটিংয়ে পূর্ণ সমর্থন ও ভোট চেয়েছেন মাহি। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে এই জমকালো আসরের গ্র্যান্ড ফিনালে।